পানির দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে ঢাকা ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সব গৃহস্থালি বা আবাসিক গ্রাহককে বিশুদ্ধ পানি সরবরাহ করতে না পারলেও পানির দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে ঢাকা ওয়াসা। আবাসিক গ্রাহকদের জন্য নতুন দাম (অভিকর) করা হচ্ছে প্রতি হাজার লিটার (এক ইউনিট) আট টাকা। বর্তমানে এক ইউনিট পানির দাম ছয় টাকা ৩৪ পয়সা। ঢাকা ওয়াসার দায়িত্বশীল সূত্র এসব তথ্য জানিয়েছে।সূত্র জানায়, সম্প্রতি ঢাকা ওয়াসার ১৭৪তম বোর্ড সভার সুপারিশের ভিত্তিতে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ওয়াসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পানির দাম বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে চিঠি পাঠিয়েছে। চিঠিতে প্রতিবছর এক টাকা হারে দাম বাড়ানোর এবং পরবর্তী পাঁচ বছর তা অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।সূত্র জানায়, ওয়াসা বোর্ড নিজস্ব ক্ষমতায় বছরে পাঁচ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে। তাই ১০ শতাংশ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। এ ছাড়া বোর্ডের অভিকর ক্ষমতা ৫ শতাংশ থেকে ১০ শতাংশ বাড়ানোর জন্য বিদ্যমান ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ (২) ধারা সংশোধনের প্রস্তাবও পাঠানো হয়েছে।ওয়াসা সূত্র দাবি করেছে, মুদ্রাস্ফীতি ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়া এবং ভবিষ্যতে ভূ-উপরিস্থ পানির ওপর নির্ভরশীলতা বাড়ানোর অর্থ সংগ্রহের জন্য পানির দাম বাড়ানো হচ্ছে।এবার ওয়াসার পানির দাম বাড়লে তা হবে বর্তমান সরকারের আমলে চতুর্থবার। এর মধ্যে ২০০৯ সালে একবার এবং গত বছর দুই দফায় দাম বেড়েছে। ওয়াসার নথি থেকে জানা যায়, ১৯৮২ থেকে ২০০৭ সাল পর্যন্ত গৃহস্থালি বা আবাসিক খাতে পানির দাম বেড়েছে ১৭ বার। ১৯৮২ সালে এক ইউনিট পানির দাম ছিল ১.১০ টাকা। ১৯৮৫ সালে ১.৫৪, ১৯৮৬ সালে ১.৯৩, ১৯৮৮ সালে ২.৪১, ১৯৯০ সালে ২.৫১, ১৯৯২ সালে ২.৭৬, ১৯৯৩ সালে ৩.১৭, ১৯৯৭ সালে ৩.৪৯ ও ৩.৫৮ (দুবার), ১৯৯৮ সালে ৩.৬৭, ১৯৯৯ সালে ৩.৯৩, ২০০০ সালে ৪.১৩, ২০০২ সালে ৪.৫০, ২০০৩ সালে ৪.৭৫, ২০০৫ সালে ৫.০০, ২০০৭ সালে ৫.২৫, ২০০৮-এ ৫.৫০, ২০০৯-এ ৫.৭৫ টাকা ছিল। গত বছর প্রথম দফায় এক ইউনিট পানির দাম ৬.০৪ টাকা ও পরে তা বাড়িয়ে ৬.৩৪ টাকা করা হয়।ওয়াসার খরচ: ওয়াসার হিসাবে একটি পরিবারে গড়ে ছয়জন সদস্য ধরা হয়। প্রতিদিনের পানির ব্যবহার হিসাব করা হয় জনপ্রতি ১৬০ লিটার। সে হিসাবে একটি পরিবারে প্রতি মাসে ২৮ হাজার ৮০০ লিটার পানি খরচ হয়।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান গত সোমবার বলেন, বর্তমানে প্রতি ইউনিট পানির দাম ছয় টাকা ৩৪ পয়সা নেওয়া হলেও এ জন্য ওয়াসার খরচ হয় নয় টাকা ৩৫ পয়সারও বেশি। তাই এক্ষুনি দাম বাড়ানো না হলেও বাড়ানোর প্রক্রিয়া চলছে। দাম বাড়ানোর প্রয়োজনীয়তা বুঝিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।তাকসিম এ খান বলেন, রাজধানীকে বাঁচাতে হলে ভূ-উপরিস্থ পানির ওপর নির্ভরতা বাড়াতে হবে। সেজন্য আগামী ১০ বছরের মধ্যে অন্তত চারটি পানি শোধনাগার নির্মাণ করতে হবে। এতে সাড়ে ১০ হাজার কোটি টাকার প্রয়োজন। তাই পানির দাম না বাড়িয়েও উপায় নেই। তবে আপাতত বাণিজ্যিকভাবে (প্রতি ইউনিট ২১.১২ টাকা) পানির দাম বাড়ানো হবে না।ওয়াসার নথি থেকে জানা যায়, বর্তমানে পানির জন্য পরিবারপ্রতি খরচ হয় ২১০ টাকা (২৮.৮ x ৬.৩৪+ ১৫% ভ্যাট)। প্রতি ইউনিট পানির দাম আট টাকা হলে এই খরচ হবে ২৬৫ টাকা। এর সঙ্গে পয়ো বিল যোগ করলে মোট খরচ হবে ৫৩০ টাকা। এতে মাসিক খরচ বাড়বে শুধু পানির ক্ষেত্রে ৫৫ এবং পানি ও পয়ো বিল মিলে ১১০ টাকা। তবে রাজধানীর কেবল ৩০ শতাংশ এলাকায় পয়োসুবিধা থাকায় ৭০ শতাংশ এলাকার ক্ষেত্রে কেবল ৫৫ টাকা খরচ বাড়বে।পানিতে ময়লা-দুর্গন্ধ: ওয়াসা দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করলেও খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ দিনে অনেক স্থানে ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ বেড়েছে। বিশেষ করে, মুগদাপাড়ার মদিনাবাগ, মান্ডা, খিলগাঁও প্রভাতীবাগ, বাসাবো, কদমতলা, মাদারটেক, সিপাহীবাগ, মেরাদিয়া, ভূঁইয়াপাড়া, মালিবাগ, পুরানা পল্টন, গোপীবাগ, অভয় দাস লেন, মগবাজার, তেজগাঁওসহ আশপাশের এলাকার পানিতে। এসব এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, সায়েদাবাদ পানি শোধনাগার থেকে সরবরাহ করা এই পানি অনেক সময় পান করা দূরে থাক, ব্যবহারেরও অযোগ্য।বুড়িগঙ্গা নদীর পারের চাঁদনীঘাট পানি শোধনাগার থেকে সরবরাহ করা পানিতেও দুর্গন্ধ বলে অভিযোগ তাঁতীবাজার, মালিটোলাসহ পুরান ঢাকার অনেক বাসিন্দার।নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার একজন সাবেক এমডি বলেন, নদীদূষণ আর অন্য যে কারণেই হোক, বছরের কোনো সময়ই ওয়াসা ৭০ শতাংশের বেশি বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারে না। এ দুই শোধনাগারের পানি সরাসরি সরবরাহ হয় না, এমন এলাকার পানিতেও দুর্গন্ধ পাওয়া যাচ্ছে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক বিশিষ্ট পানি বিশেষজ্ঞ মুজিবুর রহমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, যেসব এলাকায় এই দুই শোধনাগারের পানি সরবরাহ হয় না, পানির পাইপলাইনের আন্তসংযোগের কারণে এগুলোর পানি অন্য এলাকায়ও চলে যায়। পানির আলাদা লাইন না করলে এ সমস্যা থাকবে।ওয়াসার এমডি জানান, শুকনো মৌসুমে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর পানির দূষণমাত্রা মারাত্মক বেড়ে যাওয়ায় ওয়াসার সরবরাহ করা পানিতেও দুর্গন্ধ থাকে। কারণ এ সময় নদীর পানিতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া ও এলজি (অণুজীব) থাকে। এগুলো ধ্বংস করার জন্য নির্ধারিত মাত্রার দুই-তিন গুণ ক্লোরিন ও অ্যালুমিনিয়াম সালফার ব্যবহার করা হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় অতিরিক্ত পানি পাওয়ার জন্য অদক্ষ লোক দিয়ে পাইপ ফুটো করে অবৈধভাবে সংযোগ নেওয়া হয়। পানির পাইপলাইনে প্রবাহ কম থাকলে সেই ছিদ্রপথে পয়োবর্জ্যসহ বাইরের ময়লা ঢুকে পড়ে। তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন স্থানে পাইপলাইন বদলানোর কাজ শুরু করছি।’তবে চলমান বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনার সুফল নগরবাসী কবে নাগাদ পাবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি ওয়াসার সংশ্লিষ্ট সূত্রগুলো।