পানির দেশেই পানি নেই!
হাওরবেষ্টিত সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এখানকার অধিকাংশ মানুষের নলকূপ বসানোর মত আর্থিক সামর্থ নেই। নদী এবং পুকুরের পানি পান করার কারণে তাদের বিভিন্ন পানিবাহিত রোগ লেগেই থাকে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার রফিনগর ইউনিয়নের ১৭৪টি, ভাটিপাড়া ১৫৬টি, রাজানগর ১৮০টি, চরনারচর ১৭৬টি, দিরাই স্বরমঙ্গল ৯৬টি, করিমপুর ২০৫টি, জগদল ২২৫টি, তাড়ল ১৭৬টি ও কুলঞ্জ ইউনিয়নে ২০৫টি নলকূপ রয়েছে। যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। ২০০৮ সালের তথ্য অনুযায়ী, এক হাজার ৭৫৯টি নলকূপ থাকলেও বাস্তবে অধিকাংশই রয়েছে ব্যবহার অনুপযোগী। সরকারি হিসাব অনুযায়ী, ৯৬ জন লোকের জন্য একটি নলকূপ থাকার কথা থাকলেও দিরাইয়ে ৪০০ জনের জন্যও একটি নলকূপ নেই। সরেজমিনে দেখা যায়, পৌর শহরের আনোয়ারপুর, পশ্চিম কলেজ রোড, ভরারগাঁও, রাধানগর নয়াহাটি, পূর্ব দিরাইসহ উপজেলার কামালপুর নয়াহাটি, ইসলামপুর, মাউতি, কার্তিকপুর, শেরপুর, গোপালপুর, শ্যামারচর, নূরপুর, মধুপুর, হাসনাবাদ, মানিকদা, সতানন্দপুর, কাননপুর, আলীপুর, ধীতপুর, চানপুর, টুকদিরাই, কেজাউড়া, বেগমপুর, নাচনী চণ্ডিপুর, ধনপুর, ভাঙ্গাডহরসহ হাওর পাড়ের তাড়ল, কুলঞ্জ, জগদল করিমপুর, রাজানগর, চরনারচর, ভাটিপাড়া, রফিনগরসহ আটটি ইউনিয়নের অধিকাংশ গ্রামে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। ধনপুর গ্রামের হাফেজ মাওলানা ফখরউদ্দিন বলেন, ‘আমরার গাঁও ২’শ পরিবার আছে। সরহারী মেশিন (নলকূপ) আছে চাইরট্যা। এরমাজে তিনট্যাই চাইর/ফাঁচ বচ্ছর ধইরা ফড়ি রইছে। গাঁওত খাইবার বালা ফানি নাই।’সতানন্দপুর গ্রামের চিত্তরঞ্জন দাস বলেন, আমার গ্রাম হাওরের মধ্যখানে। পানি আমাদের চারপাশ ঘিরে রাখলেও খাবার পানির অভাব রয়েছে। গ্রামে ১৫০টি পরিবার থাকলেও তাদের জন্য সরকারি নলকূপ রয়েছে মাত্র দু’টি। রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, আমার গ্রাম রফিনগরসহ এই ইউনিয়নের সব গ্রামেই রয়েছে বিশুদ্ধ পানির অভাব। গত বছর সরকারি এবং বিভিন্ন এনজিওর সহযোগিতায় ১০টি নলকূপ দিয়েছি। এরপরও নলকূপের চাহিদা রয়েছে অনেক। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বলেন, উপজেলার সর্বত্রই বিশুিদ্ধ পানির অভাব। এ এলাকার মানুষের পক্ষে ৪০-৫০ হাজার টাকা ব্যয় করে নলকূপ বসানো বিলাসিতার মতো মনে হয়। এ বছর সরকারের কাবিখা এবং কাবিটার বরাদ্দ যাতে স্যানিটেশন এবং নলকূপ বসানোর কাজে ব্যয় হয়, উপজেলা সমন্বয় সভায় আমি এ ব্যাপারে প্রস্তাব করব।