পানির সরবরাহ বেড়েছে, শীতলক্ষ্যার দূষণে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটের দশকে ঢাকা শহরে গভীর নলকূপে ৮০ ফুট নিচ থেকে পানি পাওয়া যেত। এখন পানি পেতে দরকার ৩৬০ ফুট গভীরতা। ওয়াসার হিসাব, এ শহরে প্রতিবছর পানির স্তর নামছে গড়ে তিন থেকে ছয় ফুট। পানি নিয়ে নগরবাসীর দুশ্চিন্তা কিছুটা লাঘব করল ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায় (ফেজ-২)। এটি শীতলক্ষ্যার পানি পরিশোধন করে সরবরাহ লাইনে যোগ হয়েছে সাড়ে ২২ কোটি লিটার পানি। ওয়াসা সূত্র বলছে, বর্তমানে রাজধানীতে পানির চাহিদা দিনে ২২০ থেকে ২২৫ কোটি লিটার। গ্রীষ্মকালে এই চাহিদা সর্বোচ্চ দাঁড়ায় ২৩০ কোটি লিটারের বেশি। সায়েদাবাদ দ্বিতীয় ফেজ চালুর ফলে পানির সংকট কিছুটা কমেছে। তবে পানির উৎস শীতলক্ষ্যার দূষণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগও রয়েছে। প্রকল্পটির পরিচালক মো. সিরাজউদ্দিন প্রথম আলোকে বলেন, দ্বিতীয় শোধনাগার তৈরির সময় একটি প্রাক-শোধনাগার নির্মাণ করা হয়েছে। পানি শোধনাগার নির্মাণের ক্ষেত্রে এটা বিরল ঘটনা। কারণ, শুকনো মৌসুমে শীতলক্ষ্যার পানি এতটাই দূষিত হয়ে যায় যে প্রাক-শোধনাগার নির্মাণ ছাড়া তা শোধন করা সম্ভব নয়। তিনি বলেন, এভাবে দূষণ চলতে থাকলে ১০ বছরের মধ্যে দুটো শোধনাগারই বন্ধ হয়ে যাবে।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানিয়েছেন, নতুন শোধনাগার চালু হওয়ায় ভূপৃষ্ঠ থেকে পানি সরবরাহ ১৩ ভাগ থেকে বেড়ে দাঁড়াল ২২ ভাগে। এর ফলে ঢাকার বিভিন্ন জায়গায় ভূগর্ভস্থ পানি ওঠানোর ৬৩১টি নলকূপের মধ্যে এখন ২৬০টি দিনে আট ঘণ্টা করে বন্ধ রাখা হচ্ছে।দ্বিতীয় পর্যায়: সায়েদাবাদ পানি শোধনাগার প্রথম পর্যায়ের প্রকল্পটি চালু হয়েছিল ২০০৪ সালে। এটিরও পানি শোধনের ক্ষমতা ছিল সাড়ে ২২ কোটি লিটার। আর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় ২০১০ সালের এপ্রিল মাসে। শেষ হওয়ার কথা ছিল এ বছর জুন মাসে। এর আগেই গত ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির উদ্বোধন করেন। তবে পানি সরবরাহ চালু হয় ডিসেম্বরের প্রথম দিন থেকেই।প্রকল্পে ব্যয় হয়েছে এক হাজার ১৪০ কোটি টাকা। এর মধ্যে ৮০০ কোটি টাকা দিয়েছে ডেনমার্ক, বাকিটা বাংলাদেশ সরকার। ডেনমার্কের এমটি হোজগার্ড এবং ফ্রান্সের প্রতিষ্ঠান ডিগ্রিমন্ট যৌথভাবে এটি নির্মাণ করে। এ প্রকল্পের মাধ্যমে পানি ঢাকার তিনটি অঞ্চলে সরবরাহ করা হচ্ছে: গ্রীন রোড ক্রসিং থেকে রাসেল স্কয়ার হয়ে মিরপুর টেকনিক্যাল ও মিরপুর-১ পর্যন্ত। মালিবাগ মোড় থেকে রামপুরা এবং তেজগাঁওয়ের তিব্বত থেকে গুলশান শ্যুটিং ক্লাব পর্যন্ত। শীতলক্ষ্যার দূষণ নিয়ে উদ্বেগ: ডেমরার সারুলিয়ার শীতলক্ষ্যা থেকে শোধনাগারের পানি নেওয়া হচ্ছে। কিন্তু শুকনো মৌসুম পুরোপুরি শুরু না হলেও সেখানে দাঁড়ালে এখনই দুর্গন্ধ পাওয়া যায়।এখানে পাম্পের দায়িত্বে থাকা কর্মীরা বললেন, দুর্গন্ধে মার্চ-এপ্রিল মাসে এখানে দাঁড়ানো যায় না। সায়েদাবাদ পানি শোধনাগারের প্রথম পর্যায় (ফেজ-১) চালু হওয়ার আগে ১৯৯৮ সালে তৈরি ‘ঢাকা সিটি এমার্জেন্সি ওয়াটার সাপ্লাই প্রজেক্টের’ প্রতিবেদনে শীতলক্ষ্যার প্রতি লিটার পানিতে অ্যামোনিয়ার মাত্রা ৫ মিলিগ্রাম ধরা হয়েছিল। এতে বলা হয়েছিল, এই মাত্রা কখনোই ১০ মিলিগ্রাম ছাড়াবে না। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগ গত বছরের মার্চ মাসে সারুলিয়ায় শীতলক্ষ্যার পানি পরীক্ষা করে প্রতি লিটার পানিতে সর্বোচ্চ ২৪ মিলিগ্রাম অ্যামোনিয়ার উপস্থিতি পেয়েছিল।মো. সিরাজউদ্দিন বলেন, শুকনো মৌসুমে এই মাত্রা ১৫ মিলিগ্রামে গিয়ে ঠেকে। অ্যামোনিয়ার গড় উপস্থিতি ২২ মিলিগ্রামের ওপর গেলে এই শোধনাগার দুটি পরিত্যক্ত হয়ে যাবে। কেবল অতিরিক্ত দূষণের কারণে প্রাক-শোধনাগার তৈরি করতে ৯০ কোটি টাকা খরচ হয়েছে। শুকনো মৌসুমে এটি ৯০ দিন চালু থাকবে। এতে দুই মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয় প্রতি ঘণ্টায়। তাকসিম এ খান জানান, এই শোধনাগারে প্রতি হাজার লিটার পানি উৎপাদনে খরচ ১০ টাকা। দূষিত উৎসের পানি ব্যবহার বেশি অর্থ ব্যয়ের অন্যতম কারণ। বাড়তি দূষণের জন্য শোধনাগারটি পরিত্যক্ত হলে দায় ওয়াসা নেবে কি না—এই প্রশ্নের জবাবে তাকসিম এ খান বলেন, ‘নদী রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ের, আমাদের না। তবে শীতলক্ষ্যা দূষণ রোধ করতে সরকার সচেষ্ট।’তবে যে পানি ব্যবহার করছে পানির উৎসের ওপর তার নিয়ন্ত্রণ অপরিহার্য, এমনটিই মনে করেন বুয়েটের পুরকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান।সরকার সায়েদাবাদ পানি শোধনাগারের তৃতীয় পর্যায় চালুর প্রক্রিয়া শুরু করেছে। পানি নিয়ে আসা হবে মেঘনা নদী থেকে। আর বর্তমানে চালু দুটি শোধনাগারের পানির উৎস বেশি মাত্রায় দূষিত হলে মেঘনা থেকে পানি আনা হবে।ড. মুজিব বলেন, দূষণকারীদের নিয়ন্ত্রণ না করে মেঘনার মতো আরও দূরের উৎস থেকে পানি আনার সিদ্ধান্ত অযৌক্তিক।