পানির স্তর নিচে নেমে যাচ্ছে ঠাকুরগাঁওয়ে
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার তেলীপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম বোরো ধান খেতে গত মৌসুমে জমিতে সেচের জন্য শ্যালো মেশিন বসিয়ে তা চালু করতেই হতবাক। কই, পানি তো উঠছে না। অন্যদের সঙ্গে পরামর্শের পর শ্যালোর পাইপের গভীরতা বাড়িয়ে নতুন করে বোরিং করালেন।অন্যদিকে আকচা গ্রামের কৃষক সূর্য্য মোহন গত জানুয়ারি মাসের শেষ দিকে জমিতে ৯০ ফুট গভীর করে শ্যালো মেশিন বসান। কিন্তু মার্চের মাঝামাঝিতে দেখা গেল, সেই মেশিনে পানি উঠছে না। উপায় না দেখে অবশেষে ১২০ ফুট গভীর করে আবারও মেশিন বসাতে বাধ্য হলেন তিনি। এর পর ১৭ মে দেখা গেল আগের গভীরতায়ও কাজ হচ্ছে না। তিনি বলেন, ‘পানি নিচত নামি গেইছে। তাই কম গভীরতায় শ্যালো মেশিনে পানি উঠিবেনি।’ টাঙ্গন, সেনুয়া, নাগর, তীরনই, কুলিক, ভূল্লী, শুক, ঢেপা ও রাশ ঠাকুরগাঁওয়ের একসময়ের খরস্রোতা নদী। এই কিছুদিন আগেও দুই পাড় ছাপিয়ে প্লাবিত করত নদীর আশপাশ। আর এখন পানি শুকিয়ে চারদিকে শুধু বালু আর বালু চিকচিক করছে। নদীর বুকে চাষ হচ্ছে বোরো ধান। শুধু নদী নয়, বুড়ির বাঁধ, টাঙ্গন ব্যারেজ ও বিভিন্ন স্লুইসগেটসহ সব খাল-বিল শুকিয়ে গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অপরিকল্পিতভাবে পানি তোলায় ভূগর্ভের পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। জেলায় গত পাঁচ বছরে পানির স্তর কমপক্ষে এক-দুই ফুট নেমে গেছে। ২০০৫ সালের মনিটরিং তথ্য থেকে দেখা যায়, সদর উপজেলায় সর্বনিম্ন পানির স্তর ছিল ১২ ফুট আর সর্বোচ্চ ২১ ফুট। পীরগঞ্জে সর্বনিম্ন পানির স্তর ছিল ১২ ফুট ৫ ইঞ্চি আর সর্বোচ্চ ২১ ফুট ৬ ইঞ্চি। বালিয়াডাঙ্গীতে সর্বনিম্ন পানির স্তর ছিল ১১ ফুট ১১ ইঞ্চি আর সর্বোচ্চ ১৭ ফুট ১০ ইঞ্চি। রানীশংকৈলে সর্বনিম্ন পানির স্তর ছিল ১১ ফুট আর সর্বোচ্চ ১৬ ফুট। হরিপুর উপজেলায় সর্বনিম্ন পানির স্তর ছিল ১১ ফুট ৯ ইঞ্চি আর সর্বোচ্চ ১৩ ফুট ৯ ইঞ্চি।আর ২০০৯ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী পানির স্তর দাঁড়ায় সদর উপজেলায় সর্বনিম্ন ১২ ফুট ২ ইঞ্চি আর সর্বোচ্চ ২১ ফুট ৪ ইঞ্চি। পীরগঞ্জে সর্বনিম্ন ১৪ ফুট আর সর্বোচ্চ ২২ ফুট ৯ ইঞ্চি। বালিয়াডাঙ্গীতে ১১ ফুট ১০ ইঞ্চি আর সর্বোচ্চ ১৯ ফুট ৪ ইঞ্চি। রানীশংকৈলে সর্বনিম্ন ১২ ফুট ৮ ইঞ্চি আর সর্বোচ্চ ১৮ ফুট। হরিপুরে সর্বনিম্ন পানির স্তর ছিল ১৭ ফুট ২ ইঞ্চি আর সর্বোচ্চ ২১ ফুট ২ ইঞ্চি।সম্প্রতি টাঙ্গন, সেনুয়া ও শুক নদী ঘুরে দেখা গেছে, নদীগুলো একেবারেই স্রোতহীন। নদীর বুকে জমা পলিতে কৃষক চাষ করছেন ধান। বাড়ন্ত ধানের সবুজ রং সারা নদীর বুকজুড়ে। বুড়ির বাঁধ, টাঙ্গন ব্যারেজ ও ধর্মগড় স্লুইসগেট ঘুরে দেখা গেছে, কোথাও পানি নেই। বুড়ির বাঁধের পাশে চারটি লম্বা বাঁধ দিয়ে খাল কাটা হলেও তা পানিশূন্য। আকচা মুন্সিপাড়া গ্রামের কৃষক আফাজউদ্দীন বুড়ির খালে পানি না থাকার বিষয়ে বলেন, ‘বুড়ি বাঁধতই পানি নাই, তো এইঠে পানি আসিবে কেমন করিয়া।’জগন্নাথপুর গ্রামের কৃষক আবদুল বাতেন ও হারাধন বর্মণ জানান, ধনী কৃষকেরা জমিতে সেচ দেওয়ার জন্য অগভীর সেচ পাম্প কিনেছেন। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ সেচপাস্প কাজ করছে না। ফলে তাঁরা পড়েছেন চরম দুর্ভোগে। নলকূপ মিস্ত্রি আবদুল জব্বার ও শ্যালো মেশিন বসানোর মিস্ত্রি বাবুল জানান, গত দুই বছর আগেও নলকূপে ৪০ ফুট পাইপ দিলে পানি পাওয়া যেত। কিন্তু এখন ৬০ ফুটের কম দিলে পানি ভালো করে ওঠে না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন তালুকদার বলেন, জেলায় প্রতিবছর গড়ে কমপক্ষে দুই ইঞ্চি করে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে আগের বসানো নলকূপ থেকে আর পানি পাওয়া যাবে না। বরেন্দ্র বহুমুখী প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, সঠিক পদ্ধতিতে পানির স্তর না মাপতে পারলে পানির অবস্থান জানা যায় না। অনেকে ম্যানুয়েল পদ্ধতিতে পানির স্তর মাপেন, তা ঠিক নয়। সেচ মৌসুমে হাজার হাজার গভীর ও অগভীর নলকূপ জমিতে সেচ দিতে ব্যবহার করা হয়। এতে পানির স্তর কিছুটা নেমে যেতে পারে। কিন্তু তা বেশি দিন স্থায়ী থাকে না। হিমালয়ের বরফ গলে এবং বৃষ্টি শুরু হলেই ওই স্তর আবার আগের জায়গায় ফিরে আসে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল বিভাগের সহযোগী অধ্যাপক রুহুল আমীন বলেন, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে যে হারে ভূগর্ভের পানি তোলা হচ্ছে তা কোনোভাবেই আর জমা হচ্ছে না। ফলে এর প্রভাব পড়ছে ভূপৃষ্ঠের ওপর। বেড়ে যাচ্ছে তাপমাত্রা, ঝুঁকি বাড়ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের। তিনি আরও বলেন, ‘এসব ঝুঁকি থেকে বাঁচতে হলে আমাদের জলাশয়গুলোকে বাঁচিয়ে রাখতে হবে। মরা নদীগুলো খনন করতে হবে।’