পানির স্তর নেমে গেছে পঁচিশ ফুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে প্রতিদিন পানির স্তর দুই থেকে তিন ইঞ্চি নিচে নেমে যাচ্ছে। জেলার আশি ভাগ টিউবওয়েলে পানি নেই। অধিকাংশ খাল, বিল ও পুকুর এখন প্রায় পানি শূন্য।এদিকে বোরো আবাদে সেচ দিতে গিয়ে কৃষককে নাকাল অবস্থায় পড়তে হচ্ছে। পানির স্তর ২৫ ফুটের মতো নিচে নেমে যাওয়ায় শ্যালোমেশিনে পানি পাওয়া যাচ্ছে না। যার জন্য অন্তত আট থেকে ১০ ফুট মাটির গভীরে শ্যালোমেশিন বসিয়ে কৃষকেরা বোরো খেতে সেচ দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।যশোর সদর উপজেলার পদ্মবিলা এলাকার কৃষক আবদুল ওহাব এবার তিন বিঘা জমিতে বোরো চাষ করেছেন। তিনি জানান, মেশিনে পানি না পাওয়ায় সেচ দিতে গিয়ে বিপদে পড়েছেন। ১০ ফুট মাটি খুঁড়ে শ্যালোমেশিন বসিয়েও পানি পাওয়া যাচ্ছে না। এদিকে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এলাকার সব টিউবওয়েল এখন শুকিয়ে গেছে। কোথাও পানি নেই।এদিকে যশোর জেনারেল হাসপাতালের পাঁচটি টিউবওয়েলের একটিতেও পানি নেই। এ ব্যাপারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (সেচ) নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনই দুই থেকে তিন ইঞ্চি করে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সপ্তাহ খানেকের মধ্যে বৃষ্টি না হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।বোরো খেতে সেচের জন্য যশোর জেলায় এক হাজার ৫০০টি গভীর, ৭৩ হাজার ৩৭০টি অগভীর নলকূপ এবং এক হাজার ৫২০টি শক্তিচালিত পাম্প রয়েছে।এর মধ্যে বিদ্যুৎচালিত সেচের আওতায় রয়েছে ৫৪ হাজার ৪২৪ হেক্টর এবং ডিজেলচালিত সেচ-মেশিনের আওতায় রয়েছে প্রায় এক লাখ হেক্টর জমি। লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎচালিত সেচের আওতায় জমিতে সেচের খুব সমস্যা হচ্ছে। এ কারণে উৎপাদন আশানুরূপ না হওয়ার আশঙ্কা রয়েছে।এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক জি এম আবদুল হাকিম প্রথম আলোকে জানান, বিদ্যুতের লোডশেডিং হবে জেনে বিদ্যুৎচালিত সেচ-পাম্পের পাশে বিকল্প সেচের ব্যবস্থা করতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী তাঁরা ডিজেলচালিত শ্যালোমেশিন দিয়ে সেচের কাজ চালাচ্ছেন। কিন্তু পানির স্তর নেমে যাওয়ায় পানি পাওয়া পাচ্ছে না। জেলার বিভিন্ন উপজেলার মাঠে মোট সাড়ে তিন শতাধিক শ্যালোমেশিন আট থেকে ১০ ফুট মাটির গভীরে বসিয়ে কৃষকেরা সেচ দিচ্ছেন বলে তিনি জানান।