পানিসংকট ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকায়
রাজধানীর উত্তরায় তিন দিন আগেও পানির সরবরাহ ছিল মোটামুটি স্বাভাবিক। কিন্তু তিন দিন ধরে উত্তরার কোনো কোনো এলাকার বাসিন্দারা এক ফোঁটা পানিও সরবরাহ পাচ্ছেন না।এ রকম একটি এলাকা উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়ক। এই সড়কের বাসিন্দা রিয়াজুর রহমান গতকাল বৃহস্পতিবার বিকেলে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘তিন দিন ধরে পুরো সড়কের কোনো বাড়িতে পানি নেই। ওয়াসার পাইপলাইন থেকে বাড়িগুলোর ট্যাংকে পানি আসছে না। দুর্বিষহ অবস্থা।’উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের বাসিন্দা এম এ হক বলেন, ‘গতকাল (বুধবার) রাত থেকে বাড়ির ট্যাংকিতে পানি আসছে না। বাথরুমে যাওয়ার মতো পানিও নেই। ওয়াসার গাড়িতে পানির সরবরাহ চেয়েও পাওয়া যাচ্ছে না। কারণ, গাড়িতে করে পানির সরবরাহ চাওয়া ব্যক্তিদের দীর্ঘ তালিকা নিয়ে হিমশিম খাচ্ছে ওয়াসা।’একই সড়কের আরেক বাসিন্দা শিরিন সুলতানা বলেন, ‘ওয়াসা কোন বিবেচনায় বলেছিল যে রমজান মাসে পানির সমস্যা হবে না? এখন তো দেখছি, রমজান মাসেই পানির সমস্যা হয়েছে বেশি। মগবাজারে বন্ধুর বাসায় ফোন করে জেনেছি সেখানেও পানির খুব সমস্যা। ধানমন্ডিতে ভাশুরের বাসায়ও শুনি পানির সমস্যা। সারা শহরে এভাবে পানির সমস্যা হলো কী করে?’ঢাকা ওয়াসা সূত্র জানায়, গত কয়েক দিনে নগরের নতুন নতুন এলাকায় পানি সরবরাহে সমস্যা হয়েছে মূলত বিদ্যুতের কারণে। কয়েক দিন প্রচণ্ড লোডশেডিং থাকায় ওয়াসার ৫৯০টি পানির পাম্পের মধ্যে প্রায় ৩০০টি পূর্ণ ক্ষমতায় চালানো যায়নি। এখন বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পাইপলাইনে পূর্ণ চাপে পানি সরবরাহ এখনো ব্যাহত হচ্ছে। কারণ, একদিকে পাইপলাইনে পানি যাচ্ছে, অপরদিকে ব্যবহার হচ্ছে। লাইনে পূর্ণ চাপ সৃষ্টি হচ্ছে না।সূত্র আরও জানায়, রমজান মাসে পানির চাহিদাও বেড়েছে। সাধারণত দৈনিক ২২৫ কোটি লিটার পানি সরবরাহ করলেই পরিস্থিতি স্বাভাবিক থাকে। কিন্তু রমজান মাসে চাহিদা হয়েছে ২৫০ কোটি লিটার। অথচ উৎপাদন স্বাভাবিক সময়ের ২১০ কোটি লিটারের চেয়ে কমে ২০০ কোটি লিটারের নিচে নেমেছে।ধানমন্ডির ৯/এ নম্বর সড়ক এবং এর সংলগ্ন চেয়ারম্যান গলি থেকে টেলিফোনে দুজন গ্রাহক বলেন, প্রথম আলোয় তাঁদের এলাকার সমস্যার কথা প্রকাশিত হলে দুপুরের দিকে পাইপলাইনে অল্প পানি আসে। দুটি ট্রলিতে করেও ওয়াসা পানি সরবরাহ করেছে। কিন্তু ওয়াসার স্থানীয় কর্মকর্তারা বলেছেন, তাঁদের এলাকায় আবার কবে পানি দেওয়া যাবে, পাইপলাইনেও কবে কতটুকু পানি আসবে, তা বলা যাচ্ছে না। কারণ পাইপলাইনে পূর্ণ চাপ না থাকায় অপেক্ষাকৃত উঁচু ওই এলাকায় পানি সরবরাহ করা যাচ্ছে না।মিরপুর ৬ নম্বর সেকশনের বি ব্লকের ১ নম্বর সড়কের বাসিন্দা আবুল বাশার চৌধুরী বলেন, ‘২৪ ঘণ্টায় একবার ট্যাংকিতে তোলার মতো পানি পাচ্ছি না। ওয়াসার লরিতে করে সরবরাহ চেয়েছিলাম, বলেছে দুই দিন অপেক্ষা করতে হবে। বাড়তি টাকা দিয়ে না কি অনেকে পানি পাচ্ছেন। আমাদের এখন খাওয়ার পানি কিনে আনতে হচ্ছে।’ তিনি বলেন, ‘এই মাসেই পানির দাম বাড়াল। বর্তমান সরকারের আড়াই বছরে এ নিয়ে চারবার পানির দাম বাড়ল। দাম যত বাড়ায় সেবার মান তত কমে। এভাবে তো চলতে পারে না।’জানা যায়, পানির সংকট ছড়িয়ে পড়েছে গুলশানের একাংশ, বাড্ডা, খিলগাঁও, লালবাগ, হাজারীবাগ, বাসাবো, শেওড়াপাড়া, কাজীপাড়াসহ মিরপুরের কয়েকটি এবং খিলজি রোডসহ মোহাম্মদপুরের কয়েকটি এলাকায়। ওয়াসা সূত্র জানায়, এই এলাকাগুলো থেকে গ্রাহকেরা তাঁদের কাছে পানি সংকটের অভিযোগ করেছেন।সূত্র আরও জানায়, ৩৬০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১১টি অঞ্চলে বিভক্ত ঢাকা ওয়াসার সরবরাহ নেটওয়ার্কে এখন প্রায় এক কোটি ২৫ লাখ মানুষ যুক্ত। এত লোকের জন্য ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করা আর সম্ভব নয়। ঢাকার পানি সমস্যা মিটাতে হলে অধিক পরিমাণে ভূ-উপরিস্থ বা নদ-নদীর পানি ব্যবহারের পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।