পানিসংকট দ্রুত সমাধানের দাবি সাংসদদের, আশ্বাস দিলেন না আশরাফ
ঢাকার সাংসদেরা রাজধানী ও আশপাশের এলাকার পানিসংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে তাঁরা আজ বুধবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করেন। বৈঠকে সৈয়দ আশরাফ সমস্যার কথা স্বীকার করলেও দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিতে পারেননি। বৈঠকে সৈয়দ আশরাফ জানান, কাল থেকে রাজধানীর পানিসংকট নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৈয়দ আশরাফ জানান, বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে পানি বিষয়ে তিন দিনের একটি সম্মেলনে অংশ নিতে তিনি আগামী ২১ এপ্রিল ওয়াশিংটন যাচ্ছেন। ওই সম্মেলনে পানিসংকটের বিষয়টি তুলে ধরবেন বলে তিনি জানান। তবে দ্রুত এ সমস্যা সমাধানের কোনো উপায় সৈয়দ আশরাফ যেমন জানাতে পারেননি তেমনি পারেননি সাংসদেরাও। কিন্তু সাংসদদের অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেন, এখনই এ সমস্যার সমাধান করতে না পারলে বিষয়টিকে কেন্দ্র করে সরকারের জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজধানীতে আরও পানির পাম্প বসানো দরকার হলেও, তার জন্য প্রয়োজনীয় জমি নেই বলে সাংসদেরা মন্তব্য করেন।