পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম বলেছেন, এ অঞ্চলের মানুষের প্রয়োজনেই দেশগুলোকে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা গড়ে তুলতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে তিনি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লি উন্নয়নের সমন্বিত কেন্দ্রের (সিরডাপ) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।সিরডাপের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে গতকাল বুধবার ঢাকায় এসেছিলেন এ পি জে আবদুল কালাম। এ সফর শেষে তিনি আজ সন্ধ্যায় ঢাকা ছেড়ে গেছেন।আঞ্চলিক সহযোগিতার ব্যাপারে তিনি কতটা আশাবাদী জানতে চাইলে ভারতের সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘অবশ্যই। আমি তো মনে করি, পরিবেশ বিপর্যয় ঠেকাতে বাংলাদেশ, ভারতসহ এ অঞ্চলের দেশগুলো প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের সম্ভাবনাকে কাজে লাগাতে সহযোগিতা বাড়াবে।’পানিসম্পদ খাতে সহযোগিতা প্রসঙ্গে জানতে চাইলে আবদুল কালাম বলেন, ‘পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা খুব জরুরি। আমরা প্রচুর পানি অপচয় করছি। অথচ বিপুল সংখ্যক মানুষের প্রয়োজনে পানি ধরে রাখার কোনো বিকল্প নেই। তাই পানির সদ্ব্যবহারে প্রতিবেশী দেশগুলোর একসঙ্গে কাজ করা উচিত।’বাংলাদেশে আসতে পেরে সাংবাদিকদের কাছে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের একাদশতম রাষ্ট্রপতি। বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, ‘একটি দেশের অর্থনীতিই বলে দেয় দেশটি কোন পথে চলছে। বাংলাদেশ ছয় থেকে সাত শতাংশ হারে প্রবৃদ্ধি অব্যাহত রেখে এগোচ্ছে। কৃষি, মত্স্যসহ বিভিন্ন খাতে অগ্রগতির আভাষ বেশ চমকপ্রদই বটে।’ভারতের পারমাণবিক কর্মসূচির জড়িত থেকে এ অঞ্চলে পারমাণবিক অস্ত্রের বিস্তারে ভূমিকার জন্য তাঁর কোনো অপরাধবোধ আছে কি না জানতে চাইলে, ভারতের সাবেক এই রাষ্ট্রপতি নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যেই তিনি কৃত্রিম উপগ্রহ গবেষণায় কাজ করেছেন। আবার প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র থাকায় এ কাজের গবেষণাতেও যুক্ত হতে হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র গবেষণায় ভারত তুলনামূলকভাবে কম অর্থ খরচ করে বলে দাবি করেন আবদুল কালাম।প্রচলিত জ্বালানির বিকল্প হিসেবে নতুন জ্বালানি সম্ভাবনা কতটা জানতে চাইলে আবদুল কালাম সাংবাদিকদের বলেন, ‘সারা বিশ্বে বায়ুমণ্ডলে প্রতিবছর ৩০ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। এ জন্যই সৌরশক্তি, জলবিদ্যুত্, বায়ু-বিদ্যুত্, পরমাণু শক্তি ও জৈব জ্বালানির ওপর আমি জোর দিচ্ছি। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়তে থাকায় ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ২০ থেকে ৫০ শতাংশ কমবে বলেই আমার বিশ্বাস।’প্রকাশের অপেক্ষায় থাকা তাঁর সর্বশেষ গ্রন্থ ‘টার্নিং পয়েন্ট: আ জার্নি থ্রু চ্যালেঞ্জেস’কে প্যান্ডোরা বক্স নয় পোস্টবক্স হিসেবে অভিহিত করেছেন এ পি জে আবদুল কালাম। তাঁর ভাষায়, বইটি পড়লেই জ্ঞানের জন্য কঠোর পরিশ্রমের প্রতিফলন চোখে পড়বে।