পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজে সংসদীয় কমিটির অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছে এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে আইলা এলাকা ও নদীতীর রক্ষা প্রকল্পে নানা অনিয়ম হচ্ছে বলে কমিটি উল্লেখ করেছে। আর এসব কার্যক্রম তদন্তে একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। আজ রোববার কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান কমিটির সভাপতি ও সাবেক পানিসম্পদমন্ত্রী আবদুর রাজ্জাক।আবদুর রাজ্জাক বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা চায় সংসদীয় কমিটি। এর আগেও কমিটি এ ব্যাপারে কাজ করেছে। তিনি বলেন, এবার মন্ত্রণালয়ের একাধিক কাজের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আবদুর রাজ্জাক আরও বলেন, ঘূর্ণিঝড় আইলা উপদ্রুত এলাকায় বাঁধ নির্মাণ নিয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা খুঁজে বের করা দরকার। বাঁধ ঠিকমতো নির্মাণ করা হয়নি—এমন অভিযোগ নিয়ে স্থানীয় জনগণের মধ্যেও ক্ষোভ রয়েছে।তিনি বলেন, এসব অভিযোগের ভিত্তিতে সংসদীয় কমিটি আইলা ও নদীতীর রক্ষা প্রকল্পের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে ফজলুল আজিমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করেছে। কমিটির অন্য দুই সদস্য হলেন আবদুর রহিম এবং এ বি এম আনোয়ারুল হক। এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান আবদুর রাজ্জাক।সীমান্তবর্তী এলাকার নদীতীর ভেঙে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত এলাকার নদীতীর রক্ষায় বাঁধ নির্মাণে ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।