পানিসম্পদমন্ত্রীর বাড়িতে হামলা
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নকে ভাগ করে আরেকটি ইউনিয়ন গঠনের পর প্রকাশিত গেজেট সংশোধনের সিদ্ধান্তকে কেন্দ্র করে পানিসম্পদমন্ত্রীর গ্রামের বাড়িতে হামলা করেছে একদল বিক্ষুব্ধ লোক। এ সময় বিক্ষুব্ধ লোকজনের হাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাঞ্ছিত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০০ সালের ৩০ এপ্রিল তত্কালীন সরকার পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের নিজ ইউনিয়ন রুহিয়াকে থানা হিসেবে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ২৪ মে থানায় রূপান্তরের জন্য এই ইউনিয়নকে ভাগ করে রুহিয়া পশ্চিম নামে নতুন আরেকটি ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করা হয়। বিষয়টি গোপন রাখার পর গত ১৭ আগস্ট গেজেট প্রকাশ করা হয়। নতুন ইউনিয়ন গঠন করতে গিয়ে রুহিয়া ইউনিয়নের প্রসিদ্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান নতুন ইউনিয়নের সীমানায় পড়ে যায়। এই প্রতিষ্ঠানগুলো ঘনিমহেশপুর মৌজায়। গেজেট সংশোধন করে সম্পূর্ণ ঘনিমহেশপুর মৌজাকে রুহিয়া ইউনিয়নের সীমানায় অন্তর্ভুক্তির দাবিতে ইউনিয়নবাসী গত ২০ আগস্ট নাগরিক কমিটি গঠন করে অন্দোলন শুরু করে। আন্দোলনের মুখে গত ২৯ আগস্ট জেলা প্রশাসন ওই দাবি মেনে নিয়ে গেজেট সংশোধনের ঘোষণা দেয়। কিন্তু ঘোষণার বাস্তবায়ন না হওয়ায় সর্বশেষ গতকাল শুক্রবার রাত আটটার দিকে আন্দোলনকারীরা পানিসম্পদমন্ত্রীর গ্রামের বাড়ির সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায়ে মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে বিক্ষুব্ধ লোকজন। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। তারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের বাড়ির দেয়াল ভেঙে ফেলে। সে সময় বিক্ষুব্ধ লোকজনের হাতে তিনি লাঞ্ছিত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।