পানীয় বদলালো জেমস বন্ডের !
জেমস বন্ডের প্রিয় পানীয় ভদকা মার্টিনি—বন্ড ছবির ভক্তদের অনেকেরই এটা জানা। তবে সর্বশেষ বন্ড ছবি ‘স্কাইফল’-এ ভদকা মার্টিনির পরিবর্তে হানিকেন বিয়ার পান করতে দেখা যাবে জেমস বন্ড চরিত্রে রূপদানকারী ড্যানিয়েল ক্রেইগকে।ছবির একটি দৃশ্যে হানিকেন বিয়ারের অর্ডার দিতে দেখা যাবে তাঁকে। হানিকেন ইউএসএ ও ‘স্কাইফল’ কর্তাব্যক্তিদের সঙ্গে সম্প্রতি এ-সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। হানিকেন বিয়ারের বিজ্ঞাপনচিত্রেও মডেল হচ্ছেন ৪৪ বছর বয়সী ক্রেইগ। বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেলে প্রচারের জন্য ‘স্কাইফল’ নির্মাতা স্যাম মেন্ডেজকে সঙ্গে নিয়ে বিজ্ঞাপনচিত্রটি তৈরি করবে ওয়াইডেন অ্যান্ড কেনেডি আমস্টারডাম।মজার বিষয় হলো বিজ্ঞাপনচিত্রটিতে অভিনয়ও করবেন স্যাম।এ প্রসঙ্গে হানিকেন ইউএসএর প্রধান বিপণন কর্মকর্তা লেসিয়া লাইসিজের উদ্ধৃতি দিয়ে বাণিজ্যবিষয়ক পত্রিকা অ্যাড এজ জানিয়েছে, ‘আমাদের ব্র্যান্ডের সঙ্গে পুরোপুরি মানিয়ে যায় জেমস বন্ডের ব্যক্তিত্ব। বিশ্বের তাবত্ পুরুষের কাছে অনুকরণীয় একটি চরিত্র জেমস বন্ড।’বন্ড সিরিজের আগের ছবিগুলোতে ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ডের প্রিয় পানীয় হিসেবে দেখানো হয়েছে ভদকা মার্টিনি। ছবির দৃশ্যে বিশেষ মুহূর্তে প্রায়ই জেমস বন্ডকে ভদকা মার্টিনির অর্ডার দিতে দেখা গেছে।‘স্কাইফল’ মুক্তি পাচ্ছে এ বছরের অক্টোবরে। ছবির বন্ড চরিত্রে রয়েছেন ড্যানিয়েল ক্রেইগ, এ ছাড়া স্কাইফল ছবিতে অভিনয় করেছেন জেভিয়ার বারডেম, ডেম জুডি ডেঞ্চ, নাওমি হ্যারিস প্রমুখ।