পানের পচন রোগ নষ্ট, হচ্ছে কয়েক হাজার বরজ
এক ধরনের ছত্রাকে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার কয়েক হাজার পানের বরজ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পান চাষ ও পান ব্যবসার সঙ্গে জড়িত কয়েক শ পরিবার আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটি, কবরবাড়িয়া, বালিয়াদহ; বারুইপাড়া ইউনিয়নের মশান ও বারুইপাড়া; ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি, ফকিরাবাদ ও জগস্বর; মোকারিমপুর ইউনিয়নের কুচিয়ামোড়া, বাহাদুরপুর; চাঁদগ্রামের বামানপাড়া, চণ্ডিপুর; দৌলতপুরের পিয়ারপুর, আল্লারদরগা; গাছিয়া দৌলতপুরসহ জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার হেক্টর জমিতে পানের চাষ হয়ে থাকে। এ সময় পানচাষিরা জানান, অধিক লাভজনক এই পান চাষ ব্রিটিশ আমল থেকেই করে আসছে এলাকার মানুষেরা। কুষ্টিয়া অঞ্চলের এ পান শুধু বাংলাদেশেই নয়, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাজার দখল করে নিয়েছে। ব্রিটিশ আমল থেকেই কুষ্টিয়ার ছাঁচিপান পাকিস্তানে রপ্তানি করা হচ্ছে। বংশপরম্পরায় এই ছাঁচিপানের উৎপাদন ও রপ্তানি করে এ অঞ্চলের মানুষেরা বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছিল।২৬ জুলাই সরেজমিন কয়েকটি এলাকার পানের বরজে পানের পচন রোগ দেখা গেছে। পানগাছের শিকড়ে এক ধরনের ছত্রাক আক্রমণ করে শিকড় থেকেই পানগাছের শক্তিকে ক্ষীণ করে ফেলছে। ফলে পানের গাছ বাড়তে না পারায় শুকিয়ে মরে যাচ্ছে। বেলগাছি গ্রামের পানচাষি ও ব্যবসায়ী আব্বাস উদ্দিন বলেন, ‘১০ বছরের ব্যবধানে এ অঞ্চলের পানের চাষ ৮০ ভাগ কমে এসেছে। দু-এক বছরের ব্যবধানে বরজের সংখ্যা মাত্রাতিরিক্ত কমতে শুরু করেছে।’পানচাষি বাসুদেব বলেন, ‘আড়াই বিঘা জমিতে পান চাষ করেছি। প্রতিবছর যেখানে ৪০০ পিলিতে পান উৎপাদন করেছি, সেখানে এবার মাত্র ২০ পিলি পান রয়েছে। বাকি পিলির পানের চারা নষ্ট হয়ে গেছে। গত এক বছরে ছত্রাকের মারাত্মক ক্ষতির শিকার এলাকার সবাই। শত শত বিঘার বরজ পড়ে রয়েছে।’ছাঁচিপান ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশের কয়েকটি স্থানের মতো কুষ্টিয়ার হাজারাহাটির শাঁচিপান পাকিস্তানের বাজারে সুনাম অর্জন করেছিল। কিন্তু এই ছত্রাকের কারণে একদিকে যেমন উৎপাদন নেমে এসেছে শূন্যের কৌঠায়, পাশাপাশি লাগেজের মাধ্যমে পান পাকিস্তানে অবৈধভাবে নেওয়ার কারণে আমাদের অবস্থা আরও করুণ হয়েছে।’এলাকার বড় পানচাষি প্রতীত প্রবন অধিকারী বলেন, ‘প্রায় ১২ বিঘা জমিতে পানের বরজ ছিল। সর্বনাশা ছত্রাকে আক্রান্ত হয়ে সিংহভাগ বরজ নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে আমরা চাষিরা সম্মিলিতভাবে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের অবহিত করলে তাঁরা জানান, দীর্ঘকাল ধরে একই জমিতে পান চাষের ফলে জমির মাটিতে এক ধরনের ভাইরাসের কারণে পানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না। কৃষি সম্প্রসারণ বিভাগ শুধু এ কথা বলেই পার পেয়ে গেছে। তাদের পক্ষ থেকে কোনো রকমের আশানুরূপ উদ্যোগ নেওয়া হয়নি। তবে কিছু চাষি নতুন জমিতে পান চাষ করেও এই ভয়ানক ছত্রাকের হাত থেকে রেহাই পাচ্ছেন না।’ স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বলেন, ‘কৃষি সম্প্রসারণ বিভাগকে জানালেও কোনো রকমের পদক্ষেপ আমরা দেখতে পাইনি। স্থানীয় মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’মিরপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সিংহ বলেন, ‘দুই-তিন বছর ধরে এ এলাকায় পানের বরজে ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে। এটি মূলত কী কারণে হচ্ছে তা আজও শনাক্ত করা যায়নি। নিজেদের সাধ্য অনুযায়ী ব্যবস্থা দেওয়া হচ্ছে। তবে বিষয়টি প্রতিনিয়ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হচ্ছে।’