পান্থপথ মোড় ঘোরার জন্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থাকে আধুনিক করার জন্য ডিএমপি নাকি জোর তত্পরতা চালাচ্ছে। হাতের ইশারায় গাড়ি থামানোর বদলে তারা এখন স্বয়ংক্রিয় সিগন্যাল বাতির সাহায্যে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। গাড়িচালকেরা যাতে অবাধ্য না হন সে জন্য তারা রাস্তার মোড়ে মোড়ে ক্লোজ সার্কিট ক্যামেরাও বসিয়েছে। কিন্তু এত কিছুর পরও ‘যেই লাউ সেই কদুই’ থেকে গেছে নগরের পান্থপথ মোড়। এই তো কয়েক সপ্তাহ হলো, পান্থপথ মোড়ে মাঝারি আকারের কয়েকটি সাইনবোর্ড বসানো হয়েছে। সেখানে বড় বড় করে লেখা রয়েছে ‘ডানে মোড় নিষেধ’। এর আগেও একবার এখানে মোড় নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল; কিন্তু তা কার্যকর থাকেনি। নতুন করে আবার এ নিয়ম চালু করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে এই মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশদের। আর সাধারণ যানচালকদের ভোগান্তিও কম হচ্ছে না।সার্ক ফোয়ারার দু পাশে মানববন্ধনের মতো করে পুলিশবন্ধন তৈরি করছে ট্রাফিক পুলিশ। দাবি একটাই—কোনো গাড়ি যাতে তাদের নির্দেশ অমান্য করে ডানে যেতে না পারে। এভাবে রাস্তার মাঝখানে হাতে হাত রেখে পুলিশ সদস্যরা প্রতিদিনই রুখে দিচ্ছেন অসংখ্য চালককে। এই সার্ক ফোয়ারার মোড়ের পুলিশদের তত্পরতাও বেশ কৌতূহলোদ্দীপক। এই যেমন, হাতিরপুল থেকে আসা একটি প্রাইভেট কার যাচ্ছিল তেজগাঁওয়ের দিকে। কিন্তু ডানে মোড় নেওয়া যাবে না বিধায় তাকে ফার্মগেট ওভারব্রিজ ঘুরে আসতে বললেন ট্রাফিক পুলিশের সদস্যরা। গাড়িতে বসে থাকা রমণী দায়িত্বরত পুলিশকে একটু শুনে যেতে বললেন। ‘কথা শোনার টাইম নাই’ বলে বেরসিক পুলিশটি তাঁর হাতের লাঠি উঁচিয়ে সোজা রাস্তা দেখিয়ে দিলেন। এই ঘটনার কয়েক মিনিট পরই কারওয়ান বাজারের দিক থেকে আরেকটি গাড়ি সোজা তাঁদের সামনে এসে দাঁড়াল। গাড়ির চালক তাঁর গাড়ির সামনের কাচের পেছনে ইংরেজিতে ‘পুলিশ’ লেখা কাগজটি রাখল। আর সঙ্গে সঙ্গেই চালককে ছেড়ে দেওয়া হলো। এহেন দ্বৈত আচরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো আর আমার বসের গাড়ি আটকাইতে পারি না। শিল্পপতির টাকা থাকতে পারে কিন্তু আমরা কাছে হের কোনো দাম নাই। তয়, হের চাইতে আমার নায়েক আমার কাছে বড়।’সার্ক ফোয়ারার দুই পাশ মিলিয়ে মোট ছয়জন ট্রাফিক পুলিশ সদস্য দাঁড়িয়ে থাকেন। তাঁদের কাজ হচ্ছে মোড় ‘ক্লিয়ার’ রাখা। তবে নগরে অবাধ্য চালকের সংখ্যা এত বেশি যে তাঁরা সব সময় কুলিয়ে উঠতে পারেন না। আবার মোড়ের মাঝখানে অনেক চালক তাঁদের সঙ্গে লুকোচুরিও খেলেন। এসব বন্ধ করার জন্য তাঁরা অবশেষে লাঠি ছেড়ে বাঁশ ধরেছেন। সার্ক ফোয়ারার ধাতব কাঠামোর পাশে বাঁশের কাঠামো বসিয়েছেন তাঁরা। বাঁশের এই প্রতিবন্ধক টপকে এখন যে কেউ ইচ্ছা করলেও ওপারে যেতে পারছে না। বাঁশের কল্যাণে মোড় সামলালেও র্যাঙ্কিংয়ে তাঁরা আবারও ‘ডিজিটাল’ থেকে ‘ম্যানুয়াল’-এ নেমে গেলেন। এখন তাঁদের রাস্তার মাঝখানে হাত দিয়ে বাঁশটি ওঠানো-নামনো হচ্ছে।ট্রাফিক পুলিশদের এই দশা দেখে অবশ্য অনেক চালকই মুচকি হাসছে। তাঁদের সেই হাসির আবার কারণও রয়েছে। নগর পরিকল্পনায় অন্যান্য সব গোলচত্বরের মতো সার্ক ফোয়ারাটিও যানবাহনের মোড় ঘোরার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু ক্রমবর্ধমান যান সামলাতে ট্রাফিক পুলিশের ব্যর্থতার কারণে সার্ক ফোয়ারার মোড়ে মোড় ঘোরানোয় নিষেধাজ্ঞা আরোপ করায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন যান চালকেরাই। কারওয়ান বাজার থেকে ফার্মগেট বা পান্থপথগামী যানগুলোকে সার্ক ফোয়ারার মোড়ে এসে বাঁ দিয়ে হোটেল সোনারগাঁওয়ের সামনে এসে অপেক্ষা করতে হবে অল্পক্ষণের জন্য জ্বলজ্বল করে ওঠা সবুজ বাতির। এ পথটি দৈর্ঘ্যে সংক্ষিপ্ত হলেও মোটেও সময়সাশ্রয়ী নয়। কারওয়ান বাজারের যান ও জনজট, আর সোনারগাঁও হোটেলের সামনের রাস্তায় অপেক্ষমাণ গাড়ির জট পেরিয়ে বৈধভাবে মোড় ঘোরার প্রস্তুতি নিতেই চলে যায় আধা ঘণ্টার বেশি সময়। যানচালক ও যাত্রীদের তাই যানজটে বসে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে—কখন আসবে মোড় পেরোনোর মাহেন্দ্রক্ষণ। তাদের কালক্ষেপণের সময় আবার অনেক ভিআইপির গাড়ি নাক উঁচিয়ে মোড় টপকে যায়। আর এ মোড়ে যানজট কমানোর জন্যই নিয়মটি করা হলেও তাদের উল্লেখযোগ্য সুফল পাওয়া যায়নি বলে কর্তব্যরত ট্রাফিক পুলিশই স্বীকার করলেন। নগরের অন্যান্য মোড়ে যান নিয়ন্ত্রণে এত ঝক্কি পোহানো লাগে না জানিয়ে এখানকার এক ট্রাফিক পুলিশ বলছিলেন, ‘নতুন নিয়ম চালু হইছে তো, কয়দিন সময় লাগব।’ব্যস্ত এই মোড়ে নতুন নিয়ম চালু করার ফলে মাঝে মধ্যেই ট্রাফিক পুলিশের সঙ্গে চালকের উত্তপ্ত বাক্য আদান-প্রদান চলছে। ট্রাফিক পুলিশ আর চালকদের সমন্বিত সহযোগিতা হতে পারে নির্ঝঞ্ঝাট পথচলার পূর্বশর্ত। এ পথে মোড় ঘুরতে গিয়ে অনেক সচেতন যাত্রীই নগরের যান ব্যবস্থাপনা নিয়ে ভাবেন। এ প্রসঙ্গে তাঁদের বেশির ভাগের বক্তব্যের সারকথা—ধর তক্তা মার পেরেক-এর মতো করে নিয়ম না তৈরি করে, পরিকল্পনা ও গবেষণার পর নিয়ম চালু করে নিজেদের দূরদর্শিতার প্রমাণ দিতে পারে ডিএমপির ট্রাফিক পুলিশ বিভাগ।