পান্থপথে আগুন, অর্ধশতাধিক দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটির উল্টো দিকে ফার্নিচারের মার্কেটে গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এ সময় আগুন পাশের একটি বস্তিতেও ছড়িয়ে পড়ে। মধ্যরাতে লোকজন আতঙ্কিত হয়ে দিগিবদিক ছুটতে থাকে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।জানতে চাইলে আজ সোমবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মী শাহজাদী সুলতানা প্রথম আলো অনলাইনকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি ঘটনাস্থলে যায়। তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।ক্ষতিগ্রস্ত দোকানমালিক ফায়জুর রহমান জানান, আগুনে অর্ধশতাধিক দোকানের আসবাব একেবারে পুড়ে গেছে। এর মধ্যে তাঁর নিজের চারটি দোকানও আছে।আগুনে মার্কেটের আশপাশের কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পান্থপথ জামে মসজিদের দেয়ালের একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) আবু নঈম মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি তিনি জানাতে পারেননি।এদিকে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ। তিনি বলেন, ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার কারণ জানা যাবে।