পাপিয়াসহ তিন আইনজীবীর জামিন নাকচ
সুপ্রিম কোর্টের অপ্রীতিকর ঘটনা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপির সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াসহ তিন আইনজীবীর জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে পৃথক আরেকটি মামলায় তাঁকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহাদাত্ হোসেনের আদালত এসব আদেশ দেন। সুপ্রিম কোর্টে হট্টগোলের ঘটনায় করা মামলায় ধানমন্ডি থানা পুলিশ পাপিয়া ও দুজন আইনজীবীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। রিমান্ড প্রতিবেদনে বলা হয়, সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হবে—এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে হাজির হওয়ার নির্দেশ দেন। আমিনী ২ আগস্ট হাইকোর্টে হাজির হন। সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার বিষয়ে শুনানি শেষে আদেশ দেওয়ার একপর্যায়ে আমিনীর বক্তব্য রাষ্ট্রদ্রোহমূলক বলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যও অনুরূপ—এ কথা বলায় উপস্থিত আইনজীবীরা হট্টগোল শুরু করেন। আইনজীবীরা আদালতের আসবাব ভেঙে ত্রাসের সৃষ্টি করেন। কেন, কার নির্দেশে তাঁরা এ কাজ করেছেন এবং ঘটনার গভীরতা কতটা—এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এ আবেদন করা হয়। এ ছাড়া পলাতক সহযোগীরা বড় ধরনের ঘটনা সৃষ্টি করে দেশ অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে বলেও রিমান্ড আবেদনে বলা হয়। শুনানি শেষে রিমান্ডে নেওয়ার মতো উপাদান না থাকায় আদালত রিমান্ড আবেদন নাকচ করে দেন। জামিনের আবেদন করা হলে তা-ও নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে ধানমন্ডি থানায় করা পৃথক একটি মামলায় বিএনপির সাংসদ পাপিয়াসহ তিন আইনজীবীর পক্ষে করা জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। গত ১২ জুন বিএনপির ডাকা হরতালে গাড়ি ভাঙচুরের মামলায় এ জামিন আবেদন মঞ্জুর করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম শামীমা পারভীনের আদালত এ নির্দেশ দেন। শাহবাগ থানায় গাড়ি ভাঙচুরের অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাপিয়াকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আগামী ১৬ আগস্ট রিমান্ড আবেদনের শুনানি হবে।