পাপিয়াসহ তিনজনের রিমান্ডের বিষয়ে শুনানি ৮ আগস্ট
হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় গ্রেপ্তার বিএনপির সাংসদ ও আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিনজনের রিমান্ডের বিষয়ে ৮ আগস্ট শুনানি হবে। আজ শুক্রবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শাহাদাত হোসেন শুনানির এ তারিখ ধার্য করেন। এ সময় পর্যন্ত তাঁদেরকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়। আজ গ্রেপ্তার তিন আইনজীবীকে আদালতে নেওয়া হয়। পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁদেরকে এ মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। বিচারক পরে শুনানির এ দিন ধার্য করেন। এ ছাড়া গত জুন মাসে হরতালের সময় রমনা থানায় দায়ের করা একটি মামলায় এই তিন আইনজীবীকে গ্রেপ্তার দেখানোর জন্যও আবেদন করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন—আইনজীবী তৌহিদুল ইসলাম ও আবুবকর সিদ্দিক। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ তিনজনকে মত্স্য ভবনের মোড় থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর এবং সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক সোলায়মান হোসেন।