পাপুয়া নিউগিনিতে যাত্রীবাহী ফেরি ডুবি, জীবিত উদ্ধার ২০০
পাপুয়া নিউগিনির উত্তর উপকূলে আজ বৃহস্পতিবার প্রায় সাড়ে ৩০০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ফেরি থেকে ২০০ জন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলের ক্যাপ্টেন নুরুর রহমান বলেন, অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ সূর্যাস্ত পর্যন্ত চলবে।এমভি রাবাউল কুইন নামে ফেরিটি নিউ ব্রিটেন ও পাপুয়া নিউগিনির উত্তর উপকূলের লে শহরের মধ্যে চলাচল করত। এটি পরিচালনা করত স্টার শিপস কোম্পানি। স্টার শিপের মুখপাত্র বলেন, গত বৃহস্পতিবার থেকে ফেরির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে গেছে।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, এটি অবশ্যই একটি শোকাবহ ঘটনা। দেশটির দুর্যোগের এ দিনে অস্ট্রেলিয়া সব ধরনের সহযোগিতা দিচ্ছে।পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ওনেইল দুর্ঘটনাকবলিত যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার সবচেয়ে কাছের দেশ পাপুয়া নিউগিনি। প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও দেশটির বেশির ভাগ মানুষ এখনো সুবিধাবঞ্চিত।