পাবনা, আত্রাইয়ে মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণহীন
পাবনা ও আত্রাইয়ে মাদক পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়ছে। পুলিশ প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে পরিস্থিতি। এলাকার অভিভাবকরা শংকিত হয়ে পরেছেন তাদের সন্তানদের ভবিষ্যত নিয়ে। মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় এলাকায় বেড়ে গেছে চুরি, ডাকাতিসহ অসামাজিক কার্যক্রম। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:পাবনায় পরিস্থিতি ভয়াবহ: পাবনা জেলা শহরসহ আশপাশের এলাকায় মাদকের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলা শহর ও তার বাইরে বিভিন্নস্থানে চলছে প্রকাশ্যে মাদকদ্রব্য কেনাবেচা ও সেবন। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ পরিস্থিতি রোধে কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার লাইসেন্সধারী দেশি মদের দোকানগুলো অনুমোদনহীন ও অপ্রাপ্ত বয়স্কদের কাছে মদ বিক্রি করছে। এতে জেলায় চুরি, ডাকাতি ও অপ্রীতিকর ঘটনা বাড়ছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, জেলা শহরসহ উপজেলা পর্যায়ে মাদক কেনাবেচার নির্ধারিত স্থান রয়েছে মোট ৫০টি। এরমধ্যে শহরের সাধুপাড়া, রাধানগর, দক্ষিণ রাঘবপুরসহ ১০ এলাকায় ও শহরের বাইরে বেড়া উপজেলা সদরের ৪টি স্থানে, সুজানগর উপজেলা সদরের ৩টি স্থানে, আটঘরিয়া উপজেলার আটঘরিয়া বাজার এলাকা, চাটমোহর উপজেলা সদর ও ঈশ্বরদী রেলবাজার এলাকায় মাদক কেনা, বেচা, সেবন চলে দেদারসে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গত ৭ মাসের হিসাব থেকে দেখা গেছে প্রতি মাসে ৭ থেকে ৯টির বেশি অভিযান বা মামলা কখনোই হয়নি। এ নির্দিষ্ট সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ অধিদপ্তরের কার্যক্রম। অনুসন্ধানে জানা গেছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা অধিকাংশই শ্রমিকশ্রেণীর মানুষ। এসব অভিযানে প্রকৃত মাদক বিক্রেতা ও ব্যবসায়ীদের গ্রেপ্তার বা শনাক্ত পর্যন্ত করা হয়নি। এ বিষয়ে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। মাদকের বিরুদ্ধে কোনো অভিযানে ডাকলে তাদের পাওয়া যায় না। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চললেও এই দপ্তরকে তা রোধে কখনোই কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। অধিদপ্তরটি থেকে কখনোই রাঘববোয়ালদের ধরা হয় না। কেবল লোক দেখানোভাবে গরিব শ্রমিক ও রিকশাওয়ালাদের গ্রেপ্তার করেই অভিযান শেষ করে তারা।এদিকে ঈশ্বরদী এলাকার প্রবীণ দেশি মদ ব্যবসায়ী আবদুল মতিন বিশ্বাস অভিযোগ করেন, মাদকদ্রব্য বিক্রির নতুন লাইসেন্স দিতে হলে দরপত্র আহ্বান করতে হয়। পরে যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা করে লাইসেন্স দেওয়া যেতে পারে। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব বিধি-বিধান না মেনেই টাকার বিনিময়ে নতুন লাইসেন্স দেয়। তবে এসব বিষয়ে জানতে একাধিকবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিককে তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। কার্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর কাছে তাঁর মুঠোফোন নম্বর চেয়েও পাওয়া যায়নি।অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস হোসেন তালুকদার জানান, উপপরিচালক একা পাবনা ও নাটোর জেলার দায়িত্ব পালন করেন। ফলে মাঝেমধ্যেই তিনি দপ্তরে বসতে পারেন না। নতুন লাইসেন্স দেওয়ার বিষয়ে তিনি বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন আর নতুন লাইসেন্স দেওয়া হচ্ছে না। জেলার মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্পর্কে বলেন, ‘তথ্য-প্রমাণের অভাবে রাঘববোয়ালদের বিরুদ্ধে কিছু করা সম্ভব হয় না। তাই সব সময় ছোট বিক্রেতাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়ে অভিযান শেষ করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’আত্রাইয়ে ব্যবসা জমজমাট: আত্রাইয়ে মাদকদ্রব্য ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া বাজার, মুন্সীপাড়া-আত্রাই নদীর তীর, জেলেপাড়া পূজামণ্ডপের পাশে, তেজনন্দী বাজারসহ ১০টি স্পট, পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের ছয়টি ও পবনডাঙ্গা গ্রামের চারটি স্থানে; সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজার, সাহাগোলা রেলস্টেশন; ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজার, আত্রাইঘাট রেলস্টেশনসংলগ্ন জনতা বাজার, কালিকাপুর ইউনিয়নের পাইকরা বাজার; হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার; মনিয়ারী ইউনিয়নের নওদুলী বাজার এলাকায় দেদার বিক্রি হচ্ছে মাদক। এর মধ্যে গাঁজা ও ফেনসিডিলই বেশি। বিহারীপুর গ্রামের ব্যবসায়ী আল আমিন, পারকাসুন্দা গ্রামের এনজিওকর্মী খোরশেদ আলম, পাঁচপাকিয়া গ্রামের কৃষক জাহেদুল ইসলাম, এম এ এম কলেজের প্রভাষক মোঃ আকতার, আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মোঃ মুজাহিদ খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির একাংশের সভাপতি মোঃ তসলিম উদ্দিন জানান, গাঁজা, ফেনসিডিল, হেরোইনের মত মাদক হিলি সীমান্ত দিয়ে ট্রেনযোগে এবং নওগাঁর সীমান্তবর্তী পোরশা, ধামইরহাট ও সাপাহার থেকে সড়কপথে ভারত থেকে আত্রাই অঞ্চলে আসে। ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তার করে আদালতেও পাঠাচ্ছি। কিন্তু তারা জামিন নিয়ে আবারও মাদক ব্যবসা এবং সেবন করছে। সামাজিকভাবে সবাই সচেতন না হলে মাদক নির্মূল করা কঠিন।’