পাবনা ও নোয়াখালীতে দুর্ঘটনায় পাঁচজন নিহত
পাবনা ও নোয়াখালীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ও গতকাল সোমবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।পাবনা সদর উপজেলার গঙ্গারামপুর এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন, সাঁথিয়া উপজেলা সদরের শুভ রহমান (৩৩) ও বেড়া উপজেলা সদরের আরিফুল ইসলাম (৩২)।পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে শুভ ও আরিফ মোটরসাইকেলে করে পাবনা থেকে সাঁথিয়া যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তাঁরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক। শুভ ও আরিফের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নোয়াখালীতে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে সেনবাগে ও রাত আটটার দিকে বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন: বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুর রবের মেয়ে ফাতেমা ইয়াসমিন পলি (৩৬), একই উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. নয়ন (৩০) ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাল সন্ধ্যা ছয়টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফতেহপুর এলাকায় চৌমুহনী অভিমুখী দ্রুতগতির একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি ছিটকে পড়লে অটোরিকশার যাত্রী নয়ন ও অজ্ঞাতনামা একজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।গতকাল রাত আটটার দিকে বেগমগঞ্জের গাবুয়া এলাকায় ফাতেমা ইয়াসমিন গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চৌমুহনী অভিমুখী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহছানুল ইসলাম ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।