পাবনা জেলা প্রশাসনের আরও ২ কর্মকর্তা ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার জেলা প্রশাসন থেকে আরও দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক বিজয়ভূষণ পাল ও ইমামউদ্দিন কবিরকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অন্যদিকে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো. সাজেদুল ইসলাম আর মেহেরপুরের এডিসি আবদুর রউফকে পাবনায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এপিডি) সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৮ সেপ্টেম্বর পাবনার জেলা প্রশাসক (ডিসি) এ এস এম মনজুর কাদির, পুলিশ সুপার জামিল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিমকে প্রত্যাহার করা হয়। আর কর্মচারী নিয়োগ পরীক্ষার কেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশ ছাত্রলীগ-যুবলীগের ৩৩ নেতা-কর্মীকে আসামি করে অভিযোগপত্র দেয়। গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের পরীক্ষাটি ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় ভণ্ডুল হয়ে যায়। হামলায় পাবনার দুজন অতিরিক্ত জেলা প্রশাসকসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা আহত হন। পরীক্ষা ভণ্ডুল, সরকারি গাড়ি ও বিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় পাবনার প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হোসেন বাদী হয়ে পাবনা থানায় মামলাটি করেন।