পাবনা-সিরাজগঞ্জে দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ
পাবনা-সিরাজগঞ্জ এলাকায় আজ শুক্রবার মধ্য রাত থেকে ৪৮ ঘণ্টা পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সিরাজগঞ্জের করতোয়া নদীর তলদেশে স্থাপিত পাইপলাইনের ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সূত্রে জানা গেছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) কর্তৃপক্ষ সিরাজগঞ্জ জেলার করতোয়া নদীর তলদেশ দিয়ে স্থাপিত নলকা-বাঘাবাড়ি গ্যাস পাইপলাইনের ক্ষতিগ্রস্ত স্থান ও পুনর্বাসন অংশের হুকআপ ও কমিশনিং কাজের জন্য শুক্রবার রাত ১২টা থেকে প্রকৌশলীরা কাজ শুরু করবেন। ফলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের আওতাধীন ঈশ্বরদী-পাবনা, সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর ও বাঘাবাড়ি এলাকায় দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।সংস্কার কাজ শেষে রোববার রাত ১২টা থেকে গ্যাস সরবরাহ আবারও শুরু হবে বলে পিজিসিএল জানিয়েছে। এ ব্যাপারে পিজিসিএল ঈশ্বরদীর আঞ্চলিক ব্যবস্থাপক মহিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, পাইপ লাইনের সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের গ্যাস সরবরাহ পুনরায় শুরু করার চেষ্টা চলছে।