পাবনা-সিরাজগঞ্জে দুধের খামারিরা আবার বিপাকে
দেশের প্রধান দুধ উৎপাদনকারী এলাকা বলে পরিচিত পাবনা-সিরাজগঞ্জের খামারিরা উৎপাদিত দুধ নিয়ে আবার বিপাকে পড়ছেন। খামারিদের ভাষ্য, দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো সংগ্রহ ব্যাপকভাবে কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় প্রতিদিনই খামারিদের উৎপাদিত দুধের একটি বড় অংশ অবিক্রীত থাকছে। এসব দুধ খামারিরা স্থানীয় বাজারে স্বল্প মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে শুধু খামারিরাই নন, স্থানীয় দুধ ব্যবসায়ীরাও চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের ভাষ্য, তাঁরা দুধ সংগ্রহ কমাননি, বরং বাড়িয়েছেন। দুধের উৎপাদন অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় তাঁরা উদ্বৃত্ত দুধ কিনতে পারছেন না। জানা গেছে, পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় গড়ে ওঠা দুগ্ধ উৎপাদনকারী অঞ্চলের লক্ষাধিক খামারির আয়ের একমাত্র উৎস তাঁদের খামারে উৎপাদিত দুধ। এ অঞ্চল থেকে মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, ফার্মফ্রেস, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান তরল দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে খোলাবাজারে বিক্রি করে থাকে। ব্যাপক চাহিদার কারণে সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো আগে প্রতিযোগিতামূলকভাবে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করত। কিন্তু গত বছরের মার্চ মাস থেকে প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ ব্যাপকভাবে কমিয়ে দিলে মারাত্মক হুমকির মুখে পড়ে স্থানীয় দুগ্ধশিল্প। ওই সময়ে দুধ বিক্রি করতে না পেরে খামারিরা মহাসড়কে দুধ ঢেলে প্রতিবাদ ও বিক্ষোভ করেছিলেন। প্রায় ছয় মাস সংকট চলার পর অবস্থার উন্নতি হতে থাকে। খামারিরা জানান, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত দুগ্ধশিল্পের পরিস্থিতি বেশ ভালো ছিল। প্রায় দেড় মাস ধরে দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো খামারিদের কাছ থেকে ঠিকমতো দুধ না কেনায় আবার একই সংকট দেখা দিয়েছে। গত রোববার সকালে প্রাণ দুধের বেড়া সংগ্রহ কেন্দ্রে গিয়ে দেখা যায়, খামারি ও দুধ ব্যবসায়ীরা ক্যানবোঝাই (৪০ লিটারের দুধের পাত্র) দুধ নিয়ে অপেক্ষা করছেন। তাঁরা জানান, কোনো রকম ঘোষণা ছাড়াই সপ্তাহে দু-এক দিন করে এই সংগ্রহ কেন্দ্রটি দুধ নেওয়া বন্ধ রাখছে। প্রায় চার মণ দুধ নিয়ে অপেক্ষা করতে থাকা সাঁথিয়ার সোনাতলা গ্রামের নিত্যগোপাল ঘোষ জানান, গত শনিবার তিনি এই কেন্দ্রে দুধ দিতে না পেরে বাজারে নিয়ে ১২ থেকে ১৫ টাকা লিটার দরে কিছু দুধ বিক্রি করেন। বাকি দুধ থেকে শুধু ননী তুলে নিয়ে ওই দুধ ফেলে দিতে বাধ্য হন। তিনি বলেন, ‘এই দেড় মাসে আমার প্রায় ৩০ হাজার টাকা লস। এরম চলতি থাকলি আমাগরে ঘরবাড়ি বেইচ্যা পথে বসা লাগবি।’প্রাণ দুধের বেড়া সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘এই কেন্দ্রে প্রতিদিন গড়ে আমরা ৫০ হাজার লিটার দুধ সংগ্রহ করছি, যা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। কাজেই আমরা দুধ কম না নিয়ে বরং বেশিই নিচ্ছি। তবে যান্ত্রিক ত্রুটি ও ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় মাঝেমধ্যে দুধ সংগ্রহ বন্ধ রাখা হয়।’গত রোববার সকালে আড়ং দুধের বেড়া সংগ্রহ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে দুধ সংগ্রহ বন্ধ রয়েছে। আড়ং দুধের এলাকা ব্যবস্থাপক অরবিন্দ রুদ্র বলেন, ‘যানবাহনজনিত সমস্যার কারণে আজ (রোববার) সকালে আমরা বেড়া কেন্দ্রে দুধ সংগ্রহ বন্ধ রেখেছি। বিকাল থেকেই আবার দুধ সংগ্রহ শুরু হবে। এ ছাড়া আমরা দুধ সংগ্রহ কমাইনি।’একই দিন শাহাজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামে গিয়ে খামারিদের মধ্যে হতাশা লক্ষ করা গেছে। খামারিরা জানান, এই এলাকার খামারিরা সমিতির মাধ্যমে সরকারি দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটায় দুধ সরবরাহ করে থাকেন। কিন্তু মিল্ক ভিটা প্রতি সপ্তাহেই একাধিক দিন দুধ সংগ্রহ বন্ধ রাখছে। এর ওপর খামারিরা আগের চেয়ে লিটারপ্রতি দুধের দামও কম পাচ্ছেন। চরাচিথুলিয়া পূর্বপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ব্যবস্থাপক মোবারক হোসেন বলেন, ‘মিল্ক ভিটা গতকালও (শনিবার) দুধ নেয় নাই। বাজারে সেই দুধ আমরা প্রায় অর্ধেক দামে বেচতে বাধ্য হইছি।’একই গ্রামের আনোয়ার হোসেন, মজনু মিয়া, জয়নাল আবেদীন ও শাহীন জানান, মিল্ক ভিটা সপ্তাহে একাধিক দিন দুধ নেওয়া বন্ধ রাখার পাশাপাশি দুধ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে অনেক খামারিকে প্রতিদিন তাঁদের উৎপাদিত দুধের বড় অংশ ফিরিয়ে আনতে হচ্ছে। খামারি শাহীন জানান, তাঁর খামারে প্রতিদিন ৮০ লিটার দুধ উৎপাদিত হয়। মিল্ক ভিটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় প্রতিদিন ২০ লিটার দুধই ফিরিয়ে এনে বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে। মিল্ক ভিটার উপমহাব্যবস্থাপক খন্দকার মো. আমিনুল ইসলাম বলেন, ‘প্রতি সপ্তাহে একাধিক দিন দুধ সংগ্রহ বন্ধ রাখার বিষয়টি ঠিক নয়। গত এক মাসে আমরা বিভিন্ন কারণে মাত্র তিন বেলা দুধ সংগ্রহ বন্ধ রেখেছিলাম। তা ছাড়া আমরা দুধ সংগ্রহ কমাইনি, বরং আমরা এখন রেকর্ড পরিমাণ অর্থাৎ প্রতিদিন দেড় লাখ লিটার দুধ নিচ্ছি।’ তিনি বলেন, ‘গত মাসের ৯ তারিখে আমরা লিটারপ্রতি এক টাকা করে দাম বাড়িয়েছি। এ কারণে অন্য এলাকা থেকে খামারিরা এখানে দুধ নিয়ে আসছে বলে দুধের সরবরাহ অস্বাভাবিক বেড়ে গেছে। এ জন্য আমরা প্রতিটি সমিতিকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছি।’