পাবনায় অ্যানথ্রাক্স আক্রান্ত ছয়জন শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর পৌর এলাকার রাউত নাগদাপাড়া মহল্লায় অ্যানথ্রাক্স আক্রান্ত ছয়জনকে শনাক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিত্সক দল ওই গ্রামে গিয়ে তাদের শনাক্ত করে। এঁরা হলেন—মো. বাচ্চু শেখ (৩০), জাকির হোসেন (৫৪), শাহিদা খাতুন (৪২), শহীদ আলী (৫০), মমতা খাতুন (২২) ও চম্পা বেগম (৫০)। ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান খ ম কামরুজ্জামান মাজেদ জানান, ২৪ মে গ্রামের শহীদ আলীর একটি গরু অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী সেটি জবাই করে। যারা গরুটির মাংস তৈরি ও পরিষ্কারের কাজে নিয়োজিত ছিলেন তাদের শরীরে ক্ষত দেখা দেয়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানালে তারা রোগটি অ্যানথ্রাক্স বলে শনাক্ত করে। তবে যারা মাংস খেয়েছিল তাদের শরীরে এখনো সংক্রমণ দেখা যায়নি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি দল গ্রামটি পরিদর্শন করে। গ্রামের ১০ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হলে এদের মধ্যে ছয়জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়। আক্রান্তদের সবাইকে চিকিত্সা দেওয়া হচ্ছে।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ এলাকায় প্রচুর দুগ্ধ খামার আছে। ফলে এলাকার প্রতিটি গ্রামে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেওয়া হয়েছে।পাবনার সিভিল সার্জন খলিলুর রহমান বলেন, ‘অ্যানথ্রাক্স কোনো ছোঁয়াচে রোগ নয়। অসাবধানতাবসত কেউ আক্রান্ত হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এক সপ্তাহের চিকিত্সাতেই রোগটি ভালো হয়ে যায়। আমরা আক্রান্তদের শনাক্ত করে চিকিত্সা প্রদান ও এলাকাগুলোতে সচেতনতা সৃষ্টি করছি। তারা যেন অসুস্থ গরু-ছাগল জবাই না করেন সে বিষয়ে অবগত করা হচ্ছে।’