পাবনায় আরও পাঁচজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড়পাথাইলহাট গ্রামে নতুন করে আরও পাঁচজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি দল আজ সোমবার এ নতুন পাঁচজনকে শনাক্ত করে।তাঁরা হলেন—রেনু খাতুন (২৫), আবদুস সালাম (৩৫), যমুনা খাতুন (২৬), আবু সরকার (৭৫) ও তানিয়া খাতুন (৮)। এ নিয়ে সেখানে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৪ জনে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মনসুর রহমান জানান, তাঁর নেতৃত্বে একটি পরিদর্শন দল এলাকায় সার্বক্ষণিকভাবে কাজ করছে। দলটি আজ এ নতুন পাঁচ রোগীকে শনাক্ত করে।গতকাল রোববার থেকে সাঁথিয়া উপজেলা প্রাণী সম্পদ বিভাগ অ্যানথ্রাক্স আক্রান্ত গ্রামটিসহ আশপাশের চার-পাঁচটি গ্রামে গরু ও ছাগলকে অ্যানথ্রাক্সের ভ্যাক্সিন দিতে শুরু করেছে এবং আক্রান্ত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে।