পাবনায় জেলা প্রশাসনে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার দুটি কেন্দ্রে হামলা, ভাঙচুর এবং প্রশাসনের কর্মকর্তা ও পরীক্ষার্থীদের লাঞ্ছিত করার ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক হাতে তো তালি বাজে না। ঘটনার তদন্ত চলছে। যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।নিউইয়র্কে স্থানীয় বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রথম আলোর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্থানীয় সময় গতকাল সোমবার রাতে জাতিসংঘে বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন।নিউইয়র্কের একজন স্থানীয় সাংবাদিক প্রশ্ন করেন, ‘প্রথম আলো সম্পাদক আপনার কাছে ক্ষমা চেয়েছেন। আপনি কি ক্ষমা করেছেন?’প্রধানমন্ত্রী এই প্রশ্নে বিস্মিত হয়ে প্রশ্নকর্তাকে পাল্টা জিজ্ঞেস করেন, আপনি এ সংবাদ কোথায় পেলেন? প্রশ্নকর্তা এতে ভ্যাবাচেকা খেয়ে কোনো উত্তর খুঁজে না পেয়ে আশপাশে কাউকে খুঁজছিলেন।প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, প্রথম আলোর সম্পাদক আমার সঙ্গে দেখা করেছেন। ক্ষমা চাওয়ার কোনো ঘটনাও ঘটেনি। আমি তো এ সবের কিছু জানি না।তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এমন নয় যে শুরু হয়েছে এবং কয়েকজনের বিচার করেই শেষ হয়ে যাবে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের খুঁজে বের করা একটি অব্যাহত প্রক্রিয়া। যখনই তাঁদের খুঁজে পাওয়া যাবে, তখনই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পরিবর্তনের কোনো চিন্তা সরকারের নেই। তবে তিনি বলেন, সংবিধানের সংশোধনী বিষয়ে আদালত রায় দিয়েছে। সংবিধান সংশোধনবিষয়ক সংসদীয় কমিটি এ বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে। জনমতের ভিত্তিতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।তিনি আরও বলেন, যাঁদের নাগরিকত্ব ছিল না, জেনারেল জিয়া তাঁদের দেশে নিয়ে আসেন। জিয়াউর রহমানই যুদ্ধাপরাধীদের দেশে প্রতিষ্ঠিত করেছেন।শেখ হাসিনা বলেন, ২১ আগস্টের ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের পরই জানা যাবে প্রকৃত ঘটনা কী ঘটেছিল।যাঁরা বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়ে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, দেশের আইন অনুযায়ী তাঁদের ভোটাধিকার পাওয়ার সুযোগ নেই। তবে এখন থেকে অন্য প্রবাসীরা বাংলাদেশে ভোটার হতে পারবেন বলে তিনি সংবাদ সম্মেলনে পুনরায় উল্লেখ করেন।ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন মেনে সবাই রাজনীতি করবে। ধর্মের সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের কোনো যোগসূত্র নেই।কমিউনিটি হেলথ ক্লিনিকে দলীয় লোক নিয়োগ দেওয়া সম্পর্কে স্বাস্থ্য উপদেষ্টার এর আগে দেওয়া বক্তব্যকে তিনি সমর্থন জানান। তিনি বলেন, গত বিএনপি সরকার লুটপাট করে ১৮ হাজার হেলথ ক্লিনিকের প্রকল্প ধ্বংস করে দিয়েছিল। যাঁরা প্রকল্প ধ্বংস করেছে, তাঁদের হাতে কাজ দেওয়া নিরাপদ নয়। আওয়ামী লীগের লোকজনকে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।সভায় উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬৪তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। নিউইয়র্কের জাতিসংঘ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের সংবর্ধনা দেওয়া হয়।