পাবনায় ককটেল বিস্ফোরণ, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় বেলা ১১টার দিকে হরতালের সমর্থনকারীরা শহরের নিউমার্কেট এলাকায় পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। বোমায় সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা ও তিনজন রিকশাচালক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শহরে শান্তিপূর্ণভাবে হরতাল চলছিল। শহরের রিকশা-অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক। শহরের কোনো এলাকায় পিকেটারদের দেখা যায়নি। বেলা ১১টার দিকে হঠাত্ করে শহরের নিউমার্কেট এলাকায় কয়েকজন যুবক এসে আচমকা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এতে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা ও তিনজন রিকশাচালক আহত হন। তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এদিকে, হরতালের বিপক্ষে জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ মিছিল করেছে। হরতালে পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন এবং জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবি ও র্যাবের টহল জোরদার করা হয়েছে। জেলা শহরের বাইরে হরতালে পিকেটিং করার সময় পাবনার সাঁথিয়া উপজেলা সদর থেকে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাত্ক্ষণিকভাবে তাঁর নাম জানা যায়নি।