পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
পাবনা পৌরসভার দিলালপুর মহল্লায় গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হানিফুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। হানিফ ওই এলাকার ইউনিভার্সাল ফুড লিমিটেড নামে একটি খাদ্যদ্রব্য প্রস্তুতকরণ কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল হানিফুলের নাইট ডিউটি থাকায় রাত নয়টার দিকে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। পথে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি ওই অবস্থায় একটু এগিয়ে তাঁর কর্মস্থলের ফটকে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় কারখানা শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, সুরতহাল প্রতিবেদনে হানিফুলের শরীরে বেশকিছু ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করবে বলে তিনি জানান।ময়নাতদন্ত শেষে হানিফুলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বাড়ি পৌর এলাকার আটুয়া হাউজপাড়া মহল্লায়। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।