পাবনায় দ্রুত বিচার আইনের মামলায় ৪ জনের আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা প্রশাসনে তৃতীয় শ্রেণীর কর্মচারী পদে নিয়োগের পরীক্ষা ভণ্ডুল করার অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় পলাতক চারজন আসামি আজ বুধবার আত্মসমর্পণ করেছেন। তাঁদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেছেন।আত্মসমর্পণকারীরা হলেন—সরকারি এওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম এ সজীব, শহীদ আমিনুদ্দিন আইন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল বিশ্বাস, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক হাসান হাবিবুর রহমান এবং সদর থানা যুবলীগের সদস্য আসাদুজ্জামান আসাদ। আজ এ মামলার শুনানির দিন ধার্য ছিল। গ্রেপ্তার হওয়া ও আত্মসমর্পণ করা ২৯ জনকে আজ আদালতে হাজির ছিলেন। তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক পারভেজ শাহরিয়ার নথি পর্যালোচনার জন্য চারটা পর্যন্ত সময় নেন। নথি পর্যালোচনা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে ২৯ জন আসামির সবাইকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আগামী ১৩ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে পরীক্ষা ভণ্ডুল ও ভাঙচুর করে। এ পরিপ্রেক্ষিতে ওই দিন রাতেই জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে ছাত্রলীগ-যুবলীগের ৩১ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাত শতাধিক নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা করেন। যার একটি মামলা দ্রুত বিচার আইন এবং অপরটি সরকারি কাজে বাধাদান আইনে করা হয়।