পাবনা জেলা প্রশাসনে কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় আরও পাঁচজন আসামি জামিন পেয়েছেন। আজ সোমবার দ্রুত বিচার আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার তাঁদের জামিন মঞ্জুর করেন।এ নিয়ে এই মামলায় মোট ১৫ জন আসামির জামিন মঞ্জুর করা হলো। আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, আজ দ্রুত বিচার আইনের মামলায় অভিযোগ শুনানির দিন ধার্য ছিল। বেলা ১১টায় জেলহাজতে থাকা ১৭ আসামিকে আদালতে হাজির করা হলে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন জানান। আদালত পাঁচজনের জামিন মঞ্জুর করেন। অন্যদের জেলহাজতে পাঠানো হয়। জামিন পাওয়া ব্যক্তিরা হলেন, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবলীগের কর্মী আবদুল মান্নান, ছাত্রলীগের কর্মী জনি, শেখ সুজন ও সরোয়ার হোসেন। এর আগে অসুস্থ থাকায় গত ১৩ অক্টোবর সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সন্তোষ কুমার হাওলাদার, ২০ অক্টোবর জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাজ্জাদ রহমান সজল এবং ২৭ অক্টোবর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির হাসান, যুবলীগের নেতা শরীফ আনোয়ার, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আলম পিয়াল, জেলা যুবলীগের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তরিকুল ইসলাম, যুবলীগের কর্মী হারুন বিশ্বাস ও আবদুল মজিদের জামিন মঞ্জুর করা হয়। প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা ভণ্ডুল হয়। এ দিন রাতে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৩১ জন নেতা-কর্মীকে আসামি করে সরকারি কাজে বাধাদান ও দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন।