পাবনায় পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় দুজন গ্রেপ্তার
পাবনার বেড়া উপজেলার পুলিশের তিন সদস্যের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে বেড়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুজন হলেন সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের নাদের প্রামাণিক (৫২) এবং বেড়া উপজেলার পুরান মাসুন্দিয়া গ্রামের ওয়াজেদ আলী (৪২)। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, ওই দুজনকেই তাদের নিজদের গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার দুর্গম চর এলাকার দাসপাড়ায় এক কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য খুন হন। তাঁরা সবাই বেড়ার ঢালারচর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রাতেই তিন পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়। চরমপন্থীদের হাতে তাঁরা খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।যাঁরা নিহত হয়েছেন তাঁরা হলেন ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এস আই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ, সিপাহি রশীদ ।