পাবনায় পুলিশ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক পাবনার বেড়া উপজেলায় পুলিশ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি পুলিশকে তাদের সর্বোচ্চ মেধা ও শক্তি দিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের কথা বলেন। এ ক্ষেত্রে পুলিশকে সহযোগিতার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। পাবনার বেড়া উপজেলায় সন্ত্রাসী হামলায় পুলিশের তিন সদস্য খুন হওয়ার ঘটনার পর আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব নির্দেশ দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ও র্যাবের মহাপরিচালক (ডিজি) হাসান মাহমুদ খন্দকার। আজ দুপুর ১২টার দিকে তাঁরা ঘটনাস্থলে যান। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল রাত থেকে ঘটনাস্থল উপজেলার মাসুন্দিয়া ইউনিয়নের দুর্গম চর এলাকার দাসপাড়ায় তল্লাশি অভিযান শুরু করে। তবে কাউকেই তারা আটক বা গ্রেপ্তার করতে পারেনি। র্যাব-পুলিশের ভয়ে ওই এলাকা জনশূন্য হয়ে পড়েছে। এলাকাটির তিন-চার হাজার মানুষ অন্যত্র চলে গেছে বলে জানা গেছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার দুর্গম চর এলাকার দাসপাড়ায় এক কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য খুন হন। তাঁরা সবাই বেড়ার ঢালারচর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রাতেই তিন পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়। চরমপন্থীদের হাতে তাঁরা খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।যাঁরা নিহত হয়েছেন তাঁরা হলেন ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এস আই কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ, সেপাই রশীদ। উল্লেখ্য, বেড়া উপজেলা সদর থেকে প্রায় ২৭ কিলোমিটার ও পাবনা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পদ্মা ও যমুনার মিলনস্থলের পার্শ্ববর্তী দুর্গম চরাঞ্চলে ঢালারচরের অবস্থান। খুবই দুর্গম এলাকায় অবস্থিত বলে দীর্ঘদিন ধরে এলাকাটি চরমপন্থীদের অভয়ারণ্য তথা প্রশিক্ষণের স্থান বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ২০০০ সালের ১১ সেপ্টেম্বর ঢালারচর ইউনিয়নের কোমরপুর গ্রামে চরমপন্থীদের সঙ্গে বন্দুকযুদ্ধে বেড়া থানার এসআই হেদায়েতুল ইসলাম ও চরমপন্থী দলের তিন সদস্য নিহত হন। ওই ঘটনার পর ঢালারচর ইউনিয়নে কয়েক দিন ধরে ব্যাপক পুলিশি অভিযান চলে।