পাবনায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত
পাবনার সাঁথিয়া উপজেলার বিলসলঙ্গী গ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুর রশীদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।র্যাবের দাবি, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল—লাল পতাকা) আঞ্চলিক নেতা। র্যাব-১২ পাবনা ক্যাম্পের পরিচালক লে. কমান্ডার এ এইচ এম মাহমুদ জানান, ওই স্থানে চরমপন্থীরা গোপন বৈঠক করছে, এমন খবরের ভিত্তিতে গতকাল রাত দুইটার দিকে র্যাব-১২-এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে র্যাব আবদুর রশীদের লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে একটি রিভলবার, একটি এলজি ও ১২টি গুলি উদ্ধার করা হয়।ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুর রশীদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় তিনটি হত্যা মামলাসহ বেশ কটি মামলা রয়েছে।