পাবনায় ৩ পুলিশ হত্যা: রাজবাড়ী থেকে এক আসামি গ্রেপ্তার
রাজবাড়ী থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে পদ্মা নদীর চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে নূরু মণ্ডল (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশের দাবি, নূরু পূর্ব বাংলার সর্বহারা পার্টির (লাল পতাকা) নেতা। তিনি পাবনার ঢালারচরে তিন পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি। এ ছাড়া তিনি একাধিক হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাঁর বাড়ি পাবনার বেড়া থানার ঢালারচরের দড়ির চর গ্রামে।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর চর মৌকুড়ী থেকে নূরু মণ্ডলকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় তাঁকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি ঢালার চরে তিন পুলিশ হত্যাসহ অন্তত ২০টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। গতকাল রাতেই বেড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ও আবদুল হাইয়ের নেতৃত্বে একটি দলের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।রাজবাড়ীর পুলিশ সুপার এস এম আইনুল বারী প্রথম আলোকে বলেন, ২০০১ সালে পাবনার ঢালারচর খড়বাগান এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হেদায়েতুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে নূরু মন্ডলের ৩২ বছরের সশ্রম কারাদণ্ড হয়। কিন্তু রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এ ছাড়া তিনি হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ অসংখ্য অপরাধের সঙ্গে জড়িত।