পাবনার আটঘরিয়ায় ১৪৪ ধারা জারি
পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা বাজারে একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগের দুই অংশ সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।এলাকাবাসী ও পুলিশ জানায়, পাবনা-৪ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা পাঞ্জাব আলী বিশ্বাস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও ব্যানার লাগান। ১২ নভেম্বর বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ওরফে ডিলুর সমর্থিত স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা পাঞ্জাব আলী বিশ্বাসের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বাধা দিলে নেতা-কর্মীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রতিবাদে পাঞ্জাব বিশ্বাসের সমর্থকেরা ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ আজ বেলা দুইটায় উপজেলার চাঁদভা বাজারে প্রতিবাদ সভা আহ্বান করে। এতে ক্ষুব্ধ হয়ে একই স্থানে ও একই সময়ে শামসুর রহমানের সমর্থকেরা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে গতকাল বুধবার রাতে উপজেলা প্রশাসন সভাস্থল ও আশপাশের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে।আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১১টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত জানানো হলে মাইকিং করে তা সর্বসাধারণকে জানানো হয়।