পাবনার কাঁচিশিল্প ধ্বংসের পথে
‘আগে ছিলাম মালিক, এহন ওইচি শ্রমিক, লোকবল পাওয়া যায় না, তাই নিজিই কাম করি। আগে পাবনার কেঁচি লেওয়ার জন্যি বাইরির জিলাথেন মেলা লোক আসত, এহন আর খুব বেশি আসে না।’এভাবেই বলছিলেন পাবনার এক কাঁচি-কারখানার মালিক মো. রহমত উল্লাহ। বিদেশি কম দামি কাঁচি আমদানি, লোহার মূল্য বৃদ্ধি, দক্ষ শ্রমিকের সংকট ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবসহ নানা সমস্যায় জেলার সম্ভাবনাময় এই শিল্পটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। লোকসানের ভারে সংশ্লিষ্ট অনেকেই এখন বেকার। আগে জেলা শহরের বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক কাঁচি তৈরির কারখানা থাকলেও এখন রয়েছে মাত্র ৩০-৩৫টি। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পাবনার কাঁচি বিদেশে রপ্তানি করা সম্ভব বলে শিল্প-সংশ্লিষ্ট সবার দাবি। শিল্প-সংশ্লিষ্ট লোকেরা জানায়, পাবনায় কাঁচিশিল্পের যাত্রা শুরু হয় স্বাধীনতা-পরবর্তী সময়ে। ১৯৭২-৭৩ সালে শহরের পাথরতলা এলাকায় তৈরি হয় বেশ কয়েকটি কারখানা। এর পর থেকে খুব দ্রুত এ শিল্পের বিকাশ ঘটে। অল্প সময়ের ব্যবধানে শহরের পাথরতলা, কালাচাঁদপাড়া, দিলালপুর ও শালগাড়িয়া এলাকায় প্রায় দুই শতাধিক কাঁচি তৈরির কারখানা প্রতিষ্ঠিত হয়। শিল্পের সঙ্গে জড়িয়ে পড়ে জেলার প্রায় ছয় হাজার মানুষ।প্রবীণ কাঁচি ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম জানান, বিদেশি কাঁচি একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। কিন্তু পাবনার কাঁচি বারবার ধার দিয়ে ব্যবহার করা যায়। এ জন্য শুরু থেকেই এখানকার কাঁচি নজর কাড়ে ব্যবহারকারীদের। সুনাম আর শিল্প মান দিয়ে স্থান করে নেয় দেশে ও বিদেশে। শুরু থেকেই পাবনার কাঁচি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হতে থাকে ভারত, বার্মা, নেপাল, পাকিস্তান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে। কিন্তু সময় পরিবর্তনে পরিবর্তিত হয় এর বাজারব্যবস্থা। বাজারে লোহার অস্বাভাবিক দাম বৃদ্ধিতে কাঁচির দাম বেড়ে যায়। এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বিদেশি কম দামি কাঁচি আমদানি শুরু করে। ফলে অল্প দিনের ব্যবধানে কমে যায় পাবনার কাঁচির চাহিদা। বর্তমানে দেশের বেশ কিছু বাজারে পাবনার কাঁচি সামান্য সরবরাহ হলেও বিদেশে রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।শহরের কালাচাঁদপাড়া এলাকার কারখানা-মালিক মো. শামিম হোসেন জানান, বাজারে লোহার দাম বাড়লেও কাঁচির দাম খুব বেশি বাড়েনি। আগের ২৫ টাকা দরের লোহা এখন ৮০ টাকা দরে কিনতে হচ্ছে। ২৫ টাকা দিয়ে এক কেজি লোহা কিনে তা দিয়ে দুটি কাঁচি তৈরি করে বিক্রি হতো ২০০ টাকা। এখন ৮০ টাকা দিয়ে এক কেজি লোহা কিনে দুটি কাঁচি তৈরি করে বিক্রি হয় ২৫০ টাকা। শ্রমিকের মজুরিসহ সব খরচ বাদ দিয়ে যা লাভ হয় তা দিয়ে ব্যবসা টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে উঠেছে। ফলে বেশি দামে লোহা কিনে কম দামে কাঁচি বিক্রির লোকশান গুনতে গুনতে অনেক কারখানা-মালিকই এখন পথে বসেছে। পুরোনো কারখানা-মালিকদের অনেকেই এখন কাঁচি তৈরির কারখানা বন্ধ করে অন্য ব্যবসা করছে। কাঁচি-শ্রমিকেরাও ঝুঁকেছে অন্য পেশায়। বর্তমানে এই শিল্পে দক্ষ শ্রমিকের ব্যাপক সংকট দেখা দিয়েছে। কাঁচি-শ্রমিক মো. মানিক জানান, সারা দিন কাঁচি-কারখানায় কাজ করে ১০০ টাকা রোজগার হয়। সেখানে অন্য কাজ করলে রোজগার হয় ১৫০ থেকে ২০০ টাকা। তাই অনেক শ্রমিকই এখন আর কাঁচি-কারখানায় কাজ করতে চায় না।