পাবনার গণহত্যায় নিজামী, সুবহান ও ইসহাক জড়িত থাকার প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাবনায় ১৯৭১ সালের গণহত্যায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মাওলানা আবদুস সুবহান ও নিজামে ইসলাম দলের কেন্দ্রীয় নেতা মাওলানা ইসহাকের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন।আজ শনিবার পাবনার সাঁথিয়া উপজেলার ডাকবাংলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্যরা স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণকালে এ তথ্য পান।সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনালের তদন্ত-কর্মকর্তা আবদুর রাজ্জাক খান বলেন, সাঁথিয়াসহ পাবনার বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নির্দেশ ও পরিকল্পনায় গণহত্যা চালানো হয় বলে প্রমাণ পাওয়া গেছে। নিজামী তাঁর একান্ত সহযোগী আবদুস ছাত্তারকে দিয়ে গণহত্যা চালাতেন। শুধু সাঁথিয়া উপজেলায়ই তাঁরা ৮০০ থেকে ৯০০ সাধারণ মানুষকে হত্যা করেছেন বলে জানা গেছে।ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজাউর রহমান পাবনা সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মাওলানা আবদুস সুবহান ও নিজামে ইসলাম দলের কেন্দ্রীয় নেতা মাওলানা ইসহাকের নেতৃত্বে পাবনার বিভিন্ন এলাকায় গণহত্যা চলানো হতো বলে অভিযোগ পাওয়া গেছে। আমরা এই অভিযোগের সূত্র ধরেই তদন্তকাজ শুরু করেছি এবং অভিযোগের সত্যতা পাচ্ছি।’উল্লেখ্য, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১১ সদস্যের একটি দল যুদ্ধাপরাধ তদন্তে পাবনায় আসে। দলের সদস্যরা পাবনা শহরের বধ্যভূমি হিসেবে চিহ্নিত নুরপুর ওয়াপদা কলোনি (যুদ্ধকালীন পাকিস্তানি সেনাদের স্থায়ী ক্যাম্প) ও পাবনা আলিয়া মাদ্রাসা (রাজাকারদের নির্যাতন ক্যাম্প), ঈশ্বরদী উপজেলার লোকোশেড, পাকশী, ঈশ্বরদী রেলওয়ে কলোনিসহ বেশকিছু গণহত্যাস্থল পরিদর্শন ও স্থানীয় ব্যক্তিদের সাক্ষ্য নেন।