পাবনার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্ত হচ্ছে
পাবনার ঘটনাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক কিছু সরকারি কর্মকর্তা সারা দেশে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ পেয়েছে সরকার। কর্মকর্তারা এ নিয়ে মুঠোফোনে কথা বলেন এবং খুদে বার্তা (এসএমএস) বিনিময় করেন। সরকারের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করলেও কেউ নাম প্রকাশ করে তথ্য দিতে রাজি হননি। তাঁরা বলেন, এ নিয়ে তদন্ত চলছে।গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসনের জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের পরীক্ষা ছিল। কিন্তু ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের হামলায় তা ভণ্ডুল হয়ে যায়। কর্মকর্তারা লাঞ্ছিত হন। ভাঙচুর করা হয় সরকারি সম্পদ ও গাড়ি। এ ঘটনার জের ধরে দুটি মামলায় ইতিমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আর ঘটনার পর জেলা প্রশাসনের সপক্ষে জেলা প্রশাসক জনমত তৈরির পদক্ষেপ নেন। ইতিমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পাবনার পাঁচ কর্মকর্তাকেও দায়িত্বে অবহেলার জন্য প্রত্যাহার করা হয়েছে।সরকারের একজন উপদেষ্টা বলেছেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। সব দিক নিশ্চিত না হয়ে কোনো মন্তব্য করা হলে সেটি প্রশাসনের জন্য ভালো না-ও হতে পারে।জানা যায়, ইতিমধ্যে প্রশাসন এ রকম কয়েকজন কর্মকর্তাকে চিহ্নিত করেছে, যাঁরা নিজেদের মধ্যে এ নিয়ে সলাপরামর্শ করেছেন।অন্যদিকে ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাবনা জেলা প্রশাসনের পক্ষে অবস্থান নিয়ে কর্মসূচি ঘোষণার তাগিদ দিয়ে সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে মুঠোফোনে খুদে বার্তা পাঠান। ইতিমধ্যে ওই কর্মকর্তার বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন।জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, বিষয়টি নিতান্তই প্রশাসনিক অভ্যন্তরীণ ব্যাপার। তাই এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।অপরদিকে নরসিংদী, সিরাজগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রশাসন ঘটনার পর পাবনা জেলা প্রশাসনের পক্ষে অবস্থান নিয়ে কর্মসূচি দিতে সভা করে বলে জানা যায়। ওই সিদ্ধান্তের অনুলিপি ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের হাতে এসেছে।জানতে চাইলে নরসিংদী জেলা প্রশাসক অমৃত বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘প্রথম দিনের ঘটনার পর জেলা আ্য্যডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন থেকে আমাদের যা করণীয় ছিল, তা-ই করেছি।’ এতে কোনো ত্রুটি বা শৃঙ্খলা-পরিপন্থী কাজ হয়নি। তবে পাবনা জেলা প্রশাসক পরে যা করেছেন, তাতে আমরা একমত নই।’ তিনি বলেন, বিচার বিভাগীয় ক্ষমতা নেই, পুলিশ কথা শোনে না, এ অবস্থায় নির্বাহী বিভাগের কার্যক্রমে যদি হুমকি আসে, তাহলে দেশ চলবে কী করে? জেলার সভা করার জন্য কেন্দ্রের মতামত নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেন, তিনি মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছেন সত্য। তবে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এতে বলা আছে। তাঁর মতে, এ কাজ তিনি ঠিকই করেছেন।বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, পাবনার ঘটনার বিষয়ে সরকারের যথেষ্ট পদক্ষেপ ছিল। সরকারি কর্মচারী হিসেবে সরকারের সদিচ্ছার প্রতি সবার আস্থা থাকা উচিত ছিল।সূত্র বলছে, স্থানীয়ভাবে পাবনার ঘটনার সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না, তারও অনুসন্ধান চলছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথা বলে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান করেছেন। এখন বাকি বিষয়গুলো অনুসন্ধান করে পদক্ষেপ নেওয়া হবে।মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ ও সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এখন সরকারি সফরে দেশের বাইরে আছেন। তাই এসব বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, পাবনার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ে এত কিছু ঘটার সম্ভাবনা ছিল না। দেরিতে হলেও সরকার যখন ব্যবস্থা নিয়েছে, তখন জেলা প্রশাসনের পরবর্তী কার্যক্রম চাকরির শৃঙ্খলা সুরক্ষার পক্ষে ছিল না। তিনি বলেন, এই সুযোগে যদি কোনো কর্মকর্তা জোটবদ্ধ হয়ে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে থাকেন এবং সে রকম ঘটনার পক্ষে অকাট্য প্রমাণ যদি পাওয়া যায়, তাহলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে অবসরপ্রাপ্ত কেউ এ রকম ঘটনায় জড়িত থাকলে সে ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।