পাবনার চাটমোহরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর পৌরসভা সদরে আজ সোমবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। চাটমোহর পৌরসভা সদরের পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে সহিংসতার আশঙ্কায় প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রোববার রাত সাড়ে ১০টায় ১৪৪ ধারা জারির কথা মাইকিং করে জনসাধারণকে জানানো হয়।সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার পরিদর্শক (ওসি) হাবিবুল ইসলাম প্রথম আলো অনলাইনকে জানান, থানা ও পাবনা রিজার্ভ ফোর্স মিলিয়ে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে আংশিক হরতাল পালিত হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আবু রাফা মোহাম্মদ আরিফ ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত শুধু পৌরসভা সদরে ১৪৪ ধারা বলবত্ থাকবে। তিনি আরও জানান, আজ সোমবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগের উপজেলা সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হরতাল ডেকেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান (উপজেলা পরিষদ) এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিনসহ আওয়ামী লীগের আরেকটি অংশ এই নির্বাচনের পক্ষে রয়েছে এবং নির্বাচনে অংশ নিচ্ছে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।