পাবনার ডিসি, এসপি, ইউএনও প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার জেলা প্রশাসক (ডিসি) এ এস এম মনজুর কাদির, পুলিশ সুপার জামিল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিমকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে কর্মচারী নিয়োগ পরীক্ষার কেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশ ছাত্রলীগ-যুবলীগের ৩৩ নেতা-কর্মীকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে। ঘটনার ১১ দিনের মাথায় অভিযোগপত্র দেওয়া হলো।জানতে চাইলে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক ঘটনা। সে হিসেবে ডিসি ও ইউএনওকে বদলি করা হয়েছে। শিগগিরই পাবনায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাবনার ইউএনও আবদুল হালিমকে ভোলা জেলার মনপুরায় বদলি করা হয়েছে। পুলিশের উপমহাপরিদর্শক বেনজির আহমেদের সই করা এক আদেশে পুলিশ সুপার জামিল আহমেদকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এসপিকে বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, বদলি নিত্যনৈমিত্তিক ঘটনা। পরিস্থিতি বিবেচনা করে আলাপ-আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত সঠিক, তা-ই নেওয়া হয়েছে। পরিবেশ যাতে শান্ত থাকে, সরকার সে চেষ্টাই করছে।সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা যায়, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্থাপন ও স্বরাষ্ট্রসচিবকে টেলিফোন করে পাবনা জেলা প্রশাসনের তিন কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। পাবনা পুলিশ ও জনপ্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হতে পারে বলে জানা গেছে।অন্যদিকে পাবনা জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করার ঘটনায় প্রশাসনের করা মামলায় পুলিশ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। গতকাল বেলা সোয়া ১১টায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম অভিযোগপত্র জমা দেন। এতে আসামিদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।পরে জেলহাজতে থাকা আসামিদের আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে ৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর সাত কার্যদিবস সরেজমিন তদন্ত করা হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তা, পরীক্ষার্থী, কর্তব্যরত শিক্ষক ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে অভিযোগপত্র তৈরি করা হয়েছে।আসামি যাঁরা: আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন জেলা যুবলীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম রায়হান, ছাত্রলীগ পাবনার এডওয়ার্ড কলেজ শাখার সাবেক সভাপতি মামুন হায়দার, যুবলীগের কর্মী মো. সুজন, সরোয়ার হোসেন ও আবদুল মানান এবং ছাত্রলীগের কর্মী আয়াতুল্লা আমিনী ওরফে ডিম জনি। আত্মসমর্পণ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সন্তোষ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জহির হাসান, ত্রাণবিষয়ক সম্পাদক মো. সজল, পৌর আওয়ামী লীগের সদস্য স্বপন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম, যুবলীগের কর্মী রেজাউল করিম রেজা, হারুন, লালু, আরিফ, আলাল, বাবু, ছাত্রলীগের কর্মী ইমরান, সবুর ও মজিদ। পলাতক রয়েছেন মো. ফারুক, মো. ফিরোজ, মো. রাসেল, মো. সজীব, সাগর, আসাদ ও সমাপ্তি।অভিযোগপত্রে যাঁদের নাম নেই: ২৬ সেপ্টেম্বর ২১ আসামি আত্মসমর্পণ করেন। অভিযোগপত্রে তাঁদের মধ্যে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন ও যুবলীগের কর্মী শরীফের নাম নেই।অভিযোগপত্রে যা বলা হয়েছে: পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ১৭ পদে কর্মচারী নিয়োগের জন্য ১৭ সেপ্টেম্বর সকাল নয়টায় পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়। নয়টা ৩৫ মিনিটে আসামিরা লাঠিসোঁটা ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে ওই বিদ্যালয়ের ডান ফটক ভেঙে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আবদুস শুকুর ও সঙ্গীয় ফোর্সদের মারধর করে কেন্দ্রের ভেতর প্রবেশ করে তাণ্ডব চালায় এবং ত্রাস সৃষ্টি করে। তারা পরীক্ষাকেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র, প্রশ্নপত্র ও উত্তরপত্র ছিনিয়ে নিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় মামলার বাদী মো. সারওয়ার আলম ও দায়িত্বরত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মো. জাফর উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির, ইউএনও আবদুল হালিম আসামিদের থামানোর চেষ্টা করলে তারা তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।মামলার আলামত ও সাক্ষী: তদন্ত কর্মকর্তা মামলার আলামত হিসেবে ভাঙচুর করা চারটি সরকারি গাড়ি, আগুনে পোড়া ৬০টি আবেদনপত্র, ২৩টি পোড়া খাতা, পাঁচটি প্রবেশপত্র ও দুটি প্রশ্নপত্র আদালতে জমা দেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান, ইউএনও আবদুল হালিম, ওসি মতিয়ার রহমান, শিক্ষক ও পরীক্ষার্থীসহ মোট ১৭ জনকে সাক্ষী করা হয়েছে।বর্তমান অবস্থা: সোমবার প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু পাবনা পরিদর্শন করার পর পরিস্থিতি শান্ত হতে শুরু করে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে আর কোনো প্রতিবাদ কর্মসূচিও নেই।নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের আর কিছুই বলার নেই। এখন বদলির অপেক্ষায় আছি। হুকুম এলেই সবকিছু গুছিয়ে পাবনা ছেড়ে চলে যাব।’