পাবনার ডিসি, এসপি ও ইউএনও প্রত্যাহার
পাবনার জেলা প্রশাসক (ডিসি) এ এস এম মনজুর কাদের, পুলিশ সুপার (এসপি) জামিল আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিমকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাবনা প্রশাসনের এই তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে আদেশ জারি করে। এ প্রসঙ্গে জানতে চাইলে সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক ঘটনা। সে হিসেবে ডিসি এবং ইউএনওকে বদলি করা হয়েছে, তার বেশি কিছু নয়। শিগগিরই পাবনায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে পাবনা জেলা প্রশাসক মনজুর কাদেরকে পরবর্তী নিয়োগের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখায় ন্যস্ত করা হয়েছে। পুলিশ সুপার জামিল আহমেদকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিমকে ভোলার মনপুরা উপজেলায় বদলি করা হয়েছে। এদিকে জানা গেছে, পাবনা পুলিশ ও জনপ্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হবে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর পাবনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা কেন্দ্রে ব্যাপক হামলা চালান। নিজেদের পছন্দের প্রার্থী নিয়োগের দাবিতে এ হামলা চালানো হয়। তাঁরা দুটি কেন্দ্রে ভাঙচুর, লুটতরাজ, মারধর এবং প্রশ্ন ও উত্তরপত্র পুড়িয়ে ফেলেন। বাধা দিলে নেতা-কর্মীরা চার সরকারি কর্মকর্তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত এবং তাঁদের গাড়ি ভাঙচুর করেন। এরপর প্রশাসন পরীক্ষা স্থগিত করে।এ ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় পাবনা জেলা প্রশাসনের কর্মকর্তারা গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সুধীজনদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত বক্তারা সবাই নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ করে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ ও যুবলীগের নেতা গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করেন। আজ ৩৩ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।