পাবনার জেলা প্রশাসক (ডিসি) এ এফ এম মনজুর কাদির ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবিরের অপসারণের দাবিতে জেলা ছাত্রলীগ ও যুবলীগের আন্দোলন অব্যাহত রয়েছে। এদিকে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও জেলা প্রশাসনের দায়ের করা দুটি মামলার শতাধিক আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। বিসিএস প্রশাসন ক্যাডার সমিতির পাবনা জেলা শাখা গতকাল রাতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জরুরি বৈঠক করেছে। বৈঠক শেষে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাক আহমেদ প্রথম আলোকে জানান, গত শুক্রবার সকালে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে হামলা, ভাঙচুর, তাঁদের চার কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ২১ সেপ্টেম্বর তাঁরা দিনব্যাপী কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করবেন। একই সঙ্গে জেলা প্রশাসনের আওতাধীন যত ধরনের নিয়োগ পরীক্ষা আছে, তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।মোস্তাক আহমেদ জানান, নিজেদের জানমালের নিরাপত্তার দাবিতে আজ সোমবার তাঁরা জেলা প্রশাসকের কাছে গণবদলির দাবি জানাবেন। সেই সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হামলা এবং পরবর্তী পরিস্থিতি জানাতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করবে।ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা গতকাল রোববার দুপুরে শহরের আবদুল হামিদ সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। তাঁরা জেলা প্রশাসনের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তার অপসারণসহ তাঁদের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। দাবি না মানা হলে আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।মানববন্ধনে গত শুক্রবার সকালে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার দুটি কেন্দ্রে হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ ক্ষতিসাধনের দুটি মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমানসহ তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।এদিকে গত শুক্রবার নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ছাত্রলীগ ও যুবলীগের হামলার সময় দায়িত্বে অবহেলার কারণে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।অন্যদিকে হামলার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষে করা মামলায় গ্রেপ্তার হওয়া জেলা যুবলীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম ওরফে রায়হানকে গতকাল দুপুরে আদালতে হাজির করা হয়। বিচারিক হাকিম পারভেজ শাহরিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. কামিল হোসেন বক্তৃতায় বলেন, জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির ও তাঁর সহযোগী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির চরম দুর্নীতিবাজ কর্মকর্তা। তাঁরা অর্থের বিনিময়ে বহু অপকর্ম করেছেন। সর্বশেষ গত শুক্রবার জেলা প্রশাসন কার্যালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সৃষ্ট ঘটনায় জেলা ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করা হয়েছে। জেলাবাসী এই দুর্নীতিবাজ জেলা প্রশাসক ও তাঁর সহযোগীর দ্রুত অপসারণ চায়। অবিলম্বে তাঁদের অপসারণ করা না হলে আরও বড় আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।এরই অংশ হিসেবে কামিল হোসেন আজ সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কুশপুত্তলিকা দাহ এবং ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। মানববন্ধন থেকে আরও বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হাসান এবং পরীক্ষাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান।অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন মিয়াজী সদর থানার ওসিকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পুলিশ তার কর্তব্যে সক্রিয় রয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের অভিযোগ ও দাবি প্রসঙ্গে জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদির প্রথম আলোকে বলেন, ‘ওনারা রাজনৈতিক দলের নেতা। আমরা সরকারি চাকরিজীবী। আমরা কাউকে ঘটনার জন্য দায়ী করি না। মামলা করেছি। আইনগতভাবে যা হওয়ার হবে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ওনারা যা সিদ্ধান্ত দেবেন, আমরা মেনে নেব।’অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির প্রথম আলোকে বলেন, ‘সরকার ও জনগণের স্বার্থে যেটা সঠিক ও ন্যায়সংগত, সে কাজটি করার চেষ্টা করেছি। কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। এখন সরকার যা করবে সে সিদ্ধান্তই মেনে নেব। যেখানে পোস্টিং দেবে, সেখানেই কাজ করব।’প্রসঙ্গত, গত শুক্রবার সকালে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা শুরু হলে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পরীক্ষাকেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। পরে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জহির হাসান, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এস এম সজীব, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জিয়াউল করিম, সাধারণ সম্পাদক ইমরান শেখসহ ২৮ জনের নামসহ শতাধিক অজ্ঞাতনামা নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা করেন। তাঁদের মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।