পাবনার তাঁতিরা বন্ধ করছেন তাঁতকল!
সুতার দাম অস্বাভাবিক বৃদ্ধি ও তৈরি পণ্যের দাম কমে যাওয়ায় পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের তাঁতপল্লি খ্যাত চারটি গ্রামের প্রায় আট হাজার হ্যান্ডলুম তাঁতকল বন্ধ হয়ে গেছে। পেশা বদল করেছে প্রায় ১৫ হাজার মানুষ। ফলে ধ্বংস হতে বসেছে তাঁতপল্লির ঐতিহ্য।পৈতৃক পেশা আঁকড়ে যাঁরা এখনো তাঁতকল চালু রেখেছেন, তাঁরাও দেনায় জর্জরিত। সুতা আমদানিকারক চক্রের কাছে এ শিল্প জিম্মি হয়ে পড়েছে বলে দাবি করেছেন তাঁতিশিল্পের নেতারা।গ্রামগুলো ঘুরে জানা গেছে, পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দোগাছি, কুলুনিয়া, কায়েমকোলা ও চিথলি—এই চারটি গ্রামের শতকরা ৮০ ভাগ মানুষ বংশগতভাবে তাঁতশিল্পের সঙ্গে জড়িত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রামগুলোর প্রায় ১৬ হাজার পরিবার সুতা জড়ানো, কাপড় তৈরি, কাপড় রং করাসহ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে। প্রতি বছর ঈদ ও পূজাকে সামনে রেখে গ্রামগুলোয় সৃষ্টি হয় উৎসবের আমেজ। এ সময় তারা উপার্জন করে বড় অঙ্কের মুনাফা। কিন্তু এ বছর সুতার দাম বৃদ্ধি এবং তৈরি পোশাকের দাম কমে যাওয়ায় গত রমজান মাসে রাত-দিন কাজ করেও অনেকেই দেনার টাকা শোধ করতে পারেনি। দেনার দায়ে দিনে দিনে কমতে শুরু করেছে তাঁতকল। অধিকাংশ তাঁতিবাড়িতে ১০ থেকে ১৫টি হ্যান্ডলুম তাঁতকল থাকলেও বর্তমানে চালু রয়েছে দুই থেকে তিনটি। দুর্গাপূজা ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে তৈরি পোশাকের কিছুটা চাহিদা থাকলেও উৎপাদন খরচ বাদ দিয়ে কিছুই লাভ পাচ্ছেন না বলে জানিয়েছেন তাঁতিরা।কায়েমকোলা গ্রামের মো. আনোয়ার হোসেন জানান, ২০০৩ সালে পৈতৃক সূত্রে তিনি চারটি তাঁতের মালিক হয়েছিলেন। পরবর্তী সময় ব্যবসা করে আরও তিনটি তাঁতকল যোগ করেন এর সঙ্গে। সাতটি তাঁতকলে প্রতি মাসে তিনি কম করে হলেও ১৮ হাজার থেকে ২২ হাজার টাকা পর্যন্ত রোজগার করতেন। কিন্তু বর্তমানে কারিগরদের বেতন দিয়ে যা অবশিষ্ট থাকছে, তা দিয়ে তাঁর সংসারই চলে না। ফলে তিনি ইতিমধ্যেই চারটি তাঁত বন্ধ করে দিয়েছেন।দোগাছি গ্রামের প্রান্তিক তাঁতি মো. হিতু মিয়া বলেন, ‘রাত-দিন কাম করেও দিনা সোদ করবের পারতেছিনে। লুঙ্গি বুনায়ে যা কামাই করি, তা সুতের দোহানে দিয়ে আসতি হয়। সামনে সুংসার চলবি ক্যাবা করে, ইডাই ভাবি।’চিথলি গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘আগে তাঁতের কাম করতেম। লাভ হয় না। যে জন্যি এহন বাদ দিছি। এহন ব্যাটারিচালিত গাড়ি চালাই। তাঁত বুনেনের চাইতি গাড়ি চালানেতেই কামাই বেশি অয়।’দোগাছি গ্রামের প্রান্তিক তাঁতি মো. ইসহাক আলী জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর সুতার দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু তৈরি কাপড়ের দাম একটুও বাড়েনি। বরং প্রতিযোগিতার কারণে কিছুটা কমেছে। গত বছর তিনি ১৭০ টাকা খরচ করে প্রতিটি লুঙ্গি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি করেছেন। এ বছর ২০০ থেকে ২১০ টাকা খরচ করেও একই দামে বিক্রি করতে হচ্ছে। পরিবহন খরচ ও নিজের পারিশ্রমিক বাদ দিলে কিছুই লাভ থাকছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে তিনি পথে বসার উপক্রম হয়েছেন।স্থানীয় পাইকারি সুতা ব্যবসায়ী ও হামিদা টুইস্টিং মিলের মালিক বাদশা মিয়া জানান, গত বছর প্রতি পাউন্ড ৮০ ক্রাউন সুতা ১৫০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু এ বছর একই সুতার দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯৫ থেকে ২০০ টাকা। অন্যদিকে প্রতি বান্ডিল প্রসেস সুতা গত বছর এক হাজার ৬০০ টাকা থেকে এক হাজার ৭০০ টাকায় বিক্রি হলেও এ বছর তার দাম হয়েছে দুই হাজার ৩৮০ টাকা থেকে দুই হাজার ৪০০ টাকা। ফলে বেশি দাম দিয়ে সুতা কিনে তাঁতিরা তৈরি পোশাকে লাভ করতে পারছেন না।বাদশা মিয়া আরও জানান, চারটি গ্রামের তাঁতিদের দৈন্যতার কারণে তিনি প্রায় দেড় কোটি টাকার সুতা বাকি দিয়েছেন। কিন্তু গত ৩০ আগস্ট এই টাকা তুলতে হালখাতা করে পেয়েছেন মাত্র চার লাখ টাকা।স্থানীয় তাঁতিকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সম্রাট শাহজাহান জানান, এই চারটি গ্রামে গত বছরও প্রায় ১২ থেকে সাড়ে ১২ হাজার তাঁতকল চালু ছিল। কিন্তু দেনায় জর্জরিত হয়ে এ বছর প্রায় সাত থেকে আট হাজার তাঁতকল বন্ধ হয়ে গেছে।তাঁতিদের এই অবস্থা সম্পর্কে জেলা তাঁতিকল্যাণ সমিতির সভাপতি আকমল মুন্সি জানান, বর্তমানে সুতার বাজার কিছু আমদানিকারক চক্রের কাছে জিম্মি রয়েছে। সরকারিভাবে এ চক্রকে নিয়ন্ত্রণ করা না হলে অচিরেই দেশের তাঁতশিল্প ধ্বংস হয়ে যাবে।