পাবনার প্রার্থীরা ঢাকামুখী
পাবনার নয়টি পৌরসভার মধ্যে সাতটির তফসিল ঘোষণা করা হয়েছে। আইনি জটিলতায় বাকি দুটি পৌরসভায় নির্বাচন হচ্ছে না। এতে ওই দুটি পৌরসভার প্রার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এদিকে পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর পাবনার বিভিন্ন নির্বাচনী এলাকা প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে। প্রতিটি রাজনৈতি দল থেকে একাধিক প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নিজ দল থেকে কেন্দ্র অনুমদিত প্রার্থী হওয়ার প্রত্যাশায় ঢাকামুখী হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। আটঘরিয়ার পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, মামলার কারণে নির্বাচন ঝুলে থাকায় আমরা বঞ্চিত হচ্ছি। বঞ্চিত হচ্ছে পৌরবাসী। প্রশাসক নিয়োগ দিয়ে চলছে পৌরসভার কাজ। অতি সত্বর মামলা নিষ্পত্তির মধ্য দিয়ে পৌর নির্বাচনের ব্যবস্থা করা জরুরি বলে আওয়ামী লীগের নেতা মত প্রকাশ করেন।এলাকাবাসী জানায়, প্রতিটি পৌর এলাকায় রাজনৈতিক দল থেকে একাধিক প্রার্থীকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে। পাবনা সদর উপজেলায় বর্তমানে মেয়রের দায়িত্বে আছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। তিনিসহ বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন পৌর বিএনপির সভাপতি তৌফিক হাবিব ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান। আওয়ামী লীগ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু ইসহাক, জেলা যুবলীগের সম্পাদক রাকিব হাসান ও যুবলীগের নেতা আমিনুল হক। নির্বাচনের বিষয়ে জানতে ৫ ডিসেম্বর দিনভর এসব প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হলে অধিকাংশ প্রার্থী জানান, নিজ নিজ এলাকায় তাঁদের প্রচারণা চলছে, এখন দলীয় অনুমোদনের অপেক্ষা। দল থেকে মনোনয়ন পেলে তাঁরা পুরোদমে মাঠে নামবেন। তাই দলের কেন্দ্রীয় অনুমতি প্রত্যাশায় তাঁরা এখন ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। অনেকে ঢাকায় এখন অবস্থান করছেন।