পাবনার ফরিদপুরে আরও চারজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গুলি ইউনিয়নের কেনাই গ্রামে তিনজন এবং দিয়ারপাড়া গ্রামে আরও একজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে পাবনার সাঁথিয়া ও ফরিদপুর উপজেলায় এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ জনে।আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬েক্সর একটি চিকিত্সক দল এ নতুন চারজন রোগীকে শনাক্ত করে। নতুন আক্রান্তেরা হলেন—ইমরান হোসেন (১৩), নাসরিন আক্তার (৩৫), ডলি খাতুন (৩০) ও হোসনেয়ারা খাতুন (৩০)। এলাকাবাসী জানায়, ৯ জুন গ্রামের মো. জয়েন প্রামাণিকের একটি গরু অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী ওই গরুটিকে জবাই করে। যারা গরুটির মাংস তৈরি ও পরিষ্কারের কাজ করেছে, পরে তাদের শরীরে পচন দেখা দেয়। ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান বলেন, খবর পেয়ে ১২ জুন অ্যানথ্রাক্সে আক্রান্ত ১০ জন রোগী শনাক্ত করা হয়। এ নতুন চারজন রোগীও একই গরু থেকে সংক্রমিত হয়েছে। আক্রান্তদের চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ছাড়া এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, লিফলেট বিতরণ ও ক্যাম্পিং করা হচ্ছে। প্রসঙ্গত, গত ১৪ মে পাবনার সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৫ জন রোগী শনাক্ত হয়। পরে ফরিদপুর উপজেলার রাউত নাগদাপাড়া গ্রামে আরও ১২ জন ও কেনাই গ্রামে ১০ জন রোগী শনাক্ত হয়। এবার চারজনসহ পাবনার দুই উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ জন।