পাবনার ফরিদপুরে আরও ১০ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত
পাবনার ফরিদপুর উপজেলার পুংগুলি ইউনিয়নের কেনাই গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও ১০ জন রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে পাবনার সাঁথিয়া ও ফরিদপুর উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ জনে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিত্সক দল আজ শনিবার দুপুরে ওই গ্রামে গিয়ে রোগীদের শনাক্ত করে। অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীরা হলেন রঞ্জু জামান (৩০), আব্দুর রহিম (১২), আলেফ মৃধা (৫০), আরিফ মৃধা (৩০), মামুন হোসেন (১৫), হাসি খাতুন (২৪), নাসিমা খাতুন (২৫), মিম আক্তার (১০), হামিদা খাতুন (৫০) ও বন্যা খাতুন (১০)। আক্রান্ত রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে।স্থানীয় এলাকাবাসী জানায়, ৯ জুন গ্রামের বাসিন্দা মো. জয়েন প্রামাণিকের একটি গরু অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসী সেটিকে জবাই করে। সাধারণত যারা গরুটির মাংস তৈরি ও পরিষ্কারের কাজ করে, তাদের শরীরেই এ রোগের লক্ষণ দেখা দেয়। পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকদের জানানো হয়।ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিত্সক খলিলুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি স্বাস্থ্য বিভাগের চিকিত্সক দল নিয়ে গ্রামটি পরিদর্শন করে রোগীদের শনাক্ত করি। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় তারা অ্যানথ্রাক্স আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েক দিনের চিকিত্সায় তারা ভালো হয়ে যাবে।’এ প্রসঙ্গে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এলাকাটিতে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তাঁরা নতুন করে আবার এলাকাটি পরিদর্শন করবেন।প্রসঙ্গত, গত ১৪ মে পাবনার সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামে প্রথম অ্যানথ্রাক্সে আক্রান্ত পাঁচজন রোগীকে শনাক্ত করা হয়। পরে ফরিদপুর উপজেলার রাউত নাগদা পাড়া গ্রামে আরও ১২ জন রোগী শনাক্ত হয়। সর্বশেষ ১০ জনসহ পাবনার দুই উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়াল ২৭ জনে।