পাবনার ফরিদপুরে ১৪৪ ধারা
পাবনার ফরিদপুরে আজ শনিবার বিকেলে একই স্থান ও সময়ে বিএনপির বিবদমান দুই অংশ এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি সভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বিকেল চারটা থেকে রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবত্ থাকবে।ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডট কমকে বলেন, বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক অংশ উপজেলা সদর ফুটবল মাঠে আজ বিকেল চারটার দিকে পৃথক সভা ডাকে। একই সময় ও স্থানে উপজেলা আওয়ামী লীগ পাল্টা সভা আহ্বান করে মাইকিং করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে ১৪৪ ধারা জারি করা হয়।এ প্রসঙ্গে ফরিদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাকিম খান বলেন, ‘বিএনপির নেতা ইলিয়াস আলী গুমের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে আমি ফরিদপুরে প্রথম সভা ডাকি। বিএনপির সভাপতি অংশ পাল্টা সভা ডাকে। পরে আওয়ামী লীগও সভা ডাকে।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেনের দাবি, ‘অন্য কারও সমাবেশ ডাকার বিষয়টি আমাদের জানা ছিল না। দেশব্যাপী বিএনপির হরতলি ও নৈরাজ্যের প্রতিবাদে আমরা সমাবেশ ডেকেছিলাম।’