পাবনার বিএনপি নেতার লাশ কুষ্টিয়ায় উদ্ধার, কাল হরতাল
কুষ্টিয়ার ভেড়ামারা লালন শাহ সেতুর পাশে পদ্মা নদীর পাড় থেকে ইব্রাহীম আলী মৃধা (৪৫) নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি। ভেড়ামারা থানার পুলিশ আজ রোববার সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করে।এদিকে এ ঘটনার প্রতিবাদে কাল সোমবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুঠোফোনে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, স্থানীয়রা আজ সকালে লালন শাহ সেতুর পাশে পদ্মা নদীর পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ভেড়ামারা থানার পুলিশ সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা থানায় এসে লাশটি ইব্রাহীমের বলে শনাক্ত করেন। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য ইব্রাহীমের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।যোগাযোগ করা হলে পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, দুই দিন আগে ইব্রাহীম নিখোঁজ হন। তিনি দাবি করেন, ইব্রাহীম এলাকায় জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। তাঁকে ধরতে র্যাব-পুলিশ কয়েকবার তাঁর বাড়িতে অভিযান চালায়।তবে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, ইব্রাহীমের বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি মামলা আছে।