পাবনার বিষয়টি মিডিয়া অতিরঞ্জিত করেছে: ইমাম
প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘পাবনার বিষয়টি মিডিয়া অতিরঞ্জিত করেছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা বৈঠকে জানিয়েছেন, তাঁরা সুধী সমাজের কাছে কান্নাকাটি করেননি এবং কারও কাছে সাহায্যও চাননি।’উপদেষ্টা বলেন, জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হন। তাঁদের কাছে অনেক মানুষই বিভিন্ন আবদার নিয়ে আসতে পারেন। আবদার রক্ষার জন্য সে তাঁর লোকজনকে চাকরি দেওয়ার কথা বলতেই পারেন। কিন্তু প্রশাসন তা বিচার-বিশ্লেষণ করে ব্যবস্থা নেবে। সরকার বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করছে। তারপর দলীয় ও সরকারিভাবে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, সরকারের কার্যক্রমে জেলা প্রশাসন সন্তুষ্ট।আজ সোমবার পাবনা জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এসব কথা বলেন।বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের দাবি অনুযায়ী জেলা প্রশাসকের বদলি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ বললেই জেলা প্রশাসককে বদলি করা হবে না, সবার সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেওয়া হবে।’ আজ দুপুর সোয়া দুইটার দিকে তাঁরা পাবনা পৌঁছান।পৌঁছার পর সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এরপরে পৌনে তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তাঁরা স্থানীয় সাংসদকে নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার দুটি কেন্দ্রে হামলা, ভাঙচুর এবং প্রশাসনের কর্মকর্তা ও পরীক্ষার্থীদের লাঞ্ছিত করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। পরে জেলা প্রশাসন ওই পরীক্ষা স্থগিত করে। এ ঘটনায় জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট বাদী হয়ে সরকারি কাজে বাধা দান এবং দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন। মামলা দুটিতে ৩১ জনের নাম উল্লেখসহ ছাত্রলীগ ও যুবলীগের অজ্ঞাত শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়।