পাবনার মানসিক হাসপাতাল যেন ‘পাগলা গারদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার মানসিক হাসপাতাল ‘পাগলা গারদ’ হয়েই আছে। দেশের বিভিন্ন জেলার মানসিক রোগীদের এখানে রাখা হয়। রেখে যাওয়ার পর অনেকের পরিবার আর খোঁজ নেয় না। এঁদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন রেখে চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, এটা ভুল পদ্ধতি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০১ সাল থেকে বলে আসছে, মানসিক রোগীকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। কোনো নৈতিকতায়, বিজ্ঞানে বা সমাজে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে দূরে ঠেলে দেওয়ার যুক্তি নেই। সংস্থাটি বলছে, বিচ্ছিন্ন রাখার মানসিকতা ত্যাগ করতে হবে এবং পরিবারে, সমাজে রেখে সেবা দিতে হবে।মনোরোগ চিকিৎসক মোহিত কামাল প্রথম আলোকে বলেন, পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে মানসিক রোগীদের পাবনার হাসপাতালে আটকে রাখা হয়। এটা সেকেলে চিকিৎসাপদ্ধতি, এটা বিজ্ঞানভিত্তিক নয়।পাবনার হিমাইতপুরে অবস্থিত এই হাসপাতাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেখানো পথে চলছে না। হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, এই হাসপাতালকে অনেকে আস্তাকুঁড় হিসেবে ব্যবহার করেন। অনেকে রোগী ফেলে চলে যান। আর খোঁজ নেন না। তিনি বলেন, সমাজের বৃহত্তর অংশ সচেতন নয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানা সম্ভব নয়। অন্যদিকে চিকিৎসক-স্বল্পতার কারণে মানসম্পন্ন চিকিৎসাসেবা দেওয়াও যাচ্ছে না।১৭ বছর বন্দী: সাঈদ হোসেন ১৭ বছর ধরে পাবনার মানসিক হাসপাতালে। ১২ ফেব্রুয়ারি হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে লোহার দরজায় রোগীর ভিড়ে সাঈদও ছিলেন। অন্য রোগীদের নানা অভিযোগ-অনুরোধ থাকলেও সাঈদ কোনো কথা বলেননি।চিকিৎসার কাগজপত্রে দেখা যায়, সাঈদকে ১৯৯৬ সালে পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসার নামে ফেলে আসেন। সাঈদের বাবার নাম আবুল হোসেন মিয়া। ঠিকানা: ২৫৪/এ (দোতলা), আমবাগান, নয়াটোলা, ঢাকা। ১৫ ফেব্রুয়ারি এ ঠিকানায় পৌঁছালে বাড়িওয়ালা জানান, সাঈদের পরিবার ভাড়াটে ছিল অনেক আগে। বাসা বদল করে তারা কোথায় গেছে, তাঁর জানা নেই।দীপক কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ঠিকানা সঠিক না হওয়ায় ৩৪ জন (২০ জন পুরুষ ও ১৪ জন নারী) রোগীর পরিবার বা অভিভাবকের সঙ্গে কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারছে না। চিঠি ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা হয়েছে। গত কয়েক বছরে একাধিক ঠিকানায় লোক পাঠিয়েও লাভ হয়নি।হাসপাতাল থেকে পাওয়া এক অভিভাবকের নম্বরে ফোন করা হলে তিনি সব শোনার পর সংযোগ কেটে দেন। আর ফোন ধরেননি।এখনো গারদ: ৫০০ শয্যার এই হাসপাতালে ১৮টি ওয়ার্ডে রোগীরা কারাবন্দীর মতো থাকেন।নারী ও পুরুষের প্রতিটি ওয়ার্ডে দুটি কক্ষ। প্রথম ছোট কক্ষে একটি টেবিলের চারপাশে কয়েকটি চেয়ার। সেখানে নার্স বসেন। আছে রোগীর কাগজপত্র (প্রত্যেকের জন্য পৃথক ফাইল) ও ওষুধ রাখার আলমারি। নার্সের মাথার ওপর একটি টেলিভিশন রাখার ব্যবস্থা। তারই সামনের বড় কক্ষে থাকেন রোগীরা। লোহার দরজার ওপার থেকে তাঁরা তাকিয়ে থাকেন টেলিভিশনের দিকে। টেলিভিশনে শব্দ নেই। বড় কক্ষে বাজতে থাকে পুরোনো দিনের বাংলা গান।সকাল ১০টায় ১ নম্বর ওয়ার্ডে নার্সদের কক্ষে যাওয়া মাত্রই বড় কক্ষের বাসিন্দারা দরজার লোহার শিক ধরে ভিড় জমান। এঁদের একজন নূর এ আলম। তিনি ডিপ্লোমা প্রকৌশলী বলে জানালেন। দুই মাসের চিকিৎসার কথা বলে তাঁকে এই হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু তাঁকে বাড়িতে ফেরত নেওয়া হচ্ছে না।একের পর এক নানা অভিযোগ করতে থাকেন রোগীরা। তবে প্রায় সবাই হাসপাতালের বাইরে নেওয়ার ব্যবস্থা করতে বা বাড়িতে খবর দেওয়ার অনুরোধ জানান। ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে গিয়েও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়।আগে এই হাসপাতালে বিনোদনের জন্য আলাদা বিভাগ ছিল। এখন সেটা বন্ধ। এখন রোগীদের প্রতিটি কক্ষে দিনের অধিকাংশ সময় গান বাজানো হয়। আর সামনের কক্ষে চলে টেলিভিশন।সরকারের নজর কম: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পৃথিবীব্যাপী সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে মানসিক রোগীরা অন্যতম। কিছু সমাজে মানসিক রোগকে চরিত্রের দুর্বলতা বা অনৈতিক কাজের শাস্তি ভাবা হয়, চিকিৎসার বিষয় হিসেবে বিবেচনা করা হয় না। আবার চিকিৎসা দেওয়ার সময় মানবিক আচরণ করা হয় না। বিশ্বব্যাপী মানসিক রোগীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে।চিকিৎসক মাত্র ১৩ জন: ৫০০ শয্যার এই বিশেষায়িত হাসপাতালে চিকিৎসক মাত্র ১৩ জন। ঢাকার কোনো বিশেষায়িত হাসপাতালে ১০০-এর কম চিকিৎসক নেই। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, এ ধরনের হাসপাতালে চিকিৎসকের সংখ্যা কমই থাকে। তবে এখানে অনেক কম। এখনো আরও অন্তত ১৫ জন চিকিৎসক দরকার।জ্যেষ্ঠ পরামর্শকের দুটি পদের দুটি, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার দুটি পদের দুটি, সহকারী রেজিস্ট্রারের তিনটি পদের তিনটিই শূন্য। অবেদনবিদ, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ও বায়োকেমিস্টের একটি করে তিনটি পদের তিনটিই শূন্য। ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্টের নয়টি পদে আছেন পাঁচজন। আর চারজন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারের মধ্যে আছেন তিনজন।শুধু চিকিৎসক নয়; নার্স, কর্মকর্তা ও কর্মচারীর পদও খালি পড়ে আছে। কর্তৃপক্ষ বলেছে, সব মিলে ১২৯টি পদ খালি রয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এত স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে মানসম্পন্ন সেবা দেওয়া সম্ভব নয়।খাবার নিয়ে অভিযোগ: খাবারের জন্য সব সরকারি হাসপাতালের মতো এখানকার রোগীদের জন্যও দৈনিক মাথাপিছু বরাদ্দ ৭৫ টাকা। তত্ত্বাবধায়ক বলেন, ‘অন্য হাসপাতালে রোগীর সঙ্গে আত্মীয়স্বজন (অ্যাটেনডেন্ট) থাকতে পারে, এখানে পারে না। অধিকাংশ জায়গায় হাসপাতালের পাশাপাশি স্বজনদের আনা খাদ্য পায় রোগীরা। এখানে সেই সুযোগ নেই।’ তাঁর প্রশ্ন, এই দুর্মূল্যের বাজারে ৭৫ টাকায় তিন বেলা কি খাবার দেওয়া সম্ভব? এই হাসপাতালের রোগীদের জন্য বিশেষ বরাদ্দের সুপারিশ করেন তিনি।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে হাসপাতালটিতে কিছু চিকিৎসা যন্ত্রপাতি দিয়েছিল সরকার। এর মধ্যে একটি টিইইজি, একটি ইসিটি, একটি অটোক্লেভ ও একটি ইসিজি মেশিন চালু করা সম্ভব হয়নি। একটি মাত্র অ্যাম্বুলেন্স, তা-ও মাঝেমধ্যে নষ্ট থাকে। চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের কোনো যানবাহন নেই। ১৯৮৮ সালে ইউনিসেফের অর্থায়নে কেনা জিপটি এখনো ব্যবহারের অনুপযোগী।পথের সাথীকে চিনে নিও: সারা দেশ থেকে মানসিক রোগীদের এই হাসপাতালে আনা হয়। বহির্বিভাগে রোগীর ভিড় শুরু হয় সকাল সাড়ে আটটা থেকে। হাসপাতাল থেকে জানানো হয়, চিকিৎসা শুরু হবে দুপুর ১২টায়। খোঁজ নিয়ে জানা যায়, চিকিৎসক-স্বল্পতার কারণে এমন ব্যবস্থা। চিকিৎসকেরা অন্তর্বিভাগে রোগী দেখার পর বহির্বিভাগে আসেন। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১০০ জন রোগী দেখা হয়।তবে লাউডস্পিকারে বিভিন্ন ঘোষণা ও উপদেশ শুনতে পাওয়া যায়। রোগী ভর্তির নিয়ম, করণীয়, মানসিক রোগীর প্রতি ব্যবহারের বিষয়ে বলা হতে থাকে। একসময় কানে আসে: ‘মানসিক রোগীকে পাগল বলা সামাজিক অপরাধ’। ঘোষণা শেষে বেজে ওঠে গান: ‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’।প্রাথমিকভাবে রোগীরা বহির্বিভাগে চিকিৎসা নেন। প্রথম পর্যায়ে রোগীকে এক সপ্তাহের ওষুধ দেওয়া হয়। পরের সপ্তাহে রোগীর উন্নতি ও অবনতির ওপর ভিত্তি করে বোর্ডের সিদ্ধান্তে আন্তবিভাগে ভর্তি করা হয়। মাদকাসক্ত ব্যক্তিদের জন্য রয়েছে পৃথক ওয়ার্ড।