পাবনার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা যে হারে বাড়ছে, সে হারে বাড়ছে না শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আবাসন। ফলে আবাসন-অসুবিধাকে সঙ্গী করে শিক্ষার্থীদের বসবাস করা ছাড়া কোনো উপায় থাকছে না। এ প্রতিবেদনে শিক্ষার্থীদের আবাসনসংকটের নানা চিত্র উঠে এসেছে। প্রতিবেদন তৈরি করেছেন আমাদের পাবনা প্রতিনিধি সরোয়ার উল্লাসপাবনার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী আবাসনসংকটে ভুগছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবাসনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের বেশির ভাগই মেসে থেকে লেখাপড়া করতে হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেলে অথবা মেসে থেকে যারা লেখাপড়া চালিয়ে যাচ্ছে, তাদের পোহাতে হচ্ছে নানা রকম দুর্ভোগ। অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে বসবাস, খাবার ও টয়লেটের সমস্যা তাদের নিত্যদিনের। এ ছাড়া আছে রাজনৈতিক নেতা ও সন্ত্রাসীদের চাঁদাবাজি ও হুমকিধমকি।বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা শহরে অবস্থিত সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পলিটেকনিক ইনিস্টিটিউট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা মেডিকেল কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, এম মনসুর আলী কলেজ, পাবনা কলেজ, পাবনা সিটি কলেজ, পাবনা আদর্শ মহিলা কলেজসহ ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এদের প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী জেলার বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসেছে। যাদের অধিকাংশই আবাসনসংকটে ভুগছে।অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে যারা মেসে রয়েছে, তাদেরও নানা অসুবিধা পোহাতে হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় তাদের। স্থানীয় নেতাদের ডাকে মিছিল-মিটিংয়ে যেতে হয় বাধ্য হয়ে। রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে উপস্থিত না হলে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয় শিক্ষার্থীদের।এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলাম জানান, কলেজে ভর্তির পর থেকে এ পর্যন্ত পাঁচ-ছয়বার মেস পাল্টাতে হয়েছে। প্রতিটি এলাকাতেই কিছু না কিছু ঝামেলা আছেই। মাঝেমধ্যেই স্থানীয় মাস্তানেরা মেসের ছাত্রদের কাছ থেকে চাঁদা আদায় করে। জোর করে মিছিলে নিয়ে যায়। ওদের কথামতো না চললে ছাত্রদের শরীরিকভাবে লাঞ্ছিত হতে হয়।সরেজমিন কয়েকটি মেস ঘুরে দেখা গেছে, একটি ঘরে ছয় থেকে আটজন পর্যন্ত গাদাগাদি করে ছাত্রদের থাকতে হচ্ছে। ৩০০ টাকা থেকে শুরু করে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত প্রতিশয্যার ভাড়া দিতে হচ্ছে তাদের। অধিকাংশ মেসেই খাবার নিম্নমানের হওয়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা।মেয়েদের মেসগুলোতে কোনো নিরাপত্তা নেই বললেই চলে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে আবাসিক বাড়িতেই এসব মেস তৈরি করা হয়েছে। এতে অনেক মেসমালিকের পরিবারের সঙ্গেই ছাত্রীদের থাকতে হচ্ছে। ছাত্রীমেসগুলোতে রয়েছে বখাটেদের অত্যাচার। মহল্লার বখাটেদের কথামতো না চলায় অনেককেই মেস ছেড়ে চলে যেতে হয়েছে।এদিকে এসব মেসে কোনো ধরনের নিয়মশৃঙ্খলা না থাকায় বখে যাচ্ছে অনেক শিক্ষার্থী। যে যখন খুশি মেসে যাচ্ছে, বের হচ্ছে দেখার কেউ নেই। শিক্ষার্থীরা গভীর রাতে মেসে প্রবেশ করলেও কোনো বাধা নেই।পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির জানান, শহরের মেসগুলোতে কোনো নিয়মশৃঙ্খলা না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। এক দিন রাতে হোটেলে অভিযান চালিয়ে দুটি কলেজের চার ছাত্রী ও চার ছাত্রকে আটক করে নিজেও বিব্রতকর পরিস্থিতি মোকাবিলা করেছেন তিনি। প্রতিটি কলেজে নিজস্ব আবাসিক থাকা হোস্টেল প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।তবে শিক্ষার্থীদের এই অসুবিধায় মাথা ব্যথা নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেরই। অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়েছে শহরের।